এইচবিওর সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’ নিয়ে আলোচনা এখন তু্ঙ্গে। স্বভাবতই প্রথম সিজনের পর দ্বিতীয়টির প্রসঙ্গ চলে আসে। তবে এ ব্যাপারে ভক্তদের খানিকটা ধৈর্য্য ধরতে হবে। এমন তথ্য সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গিয়েছে। খবর দ্য র‌্যাপ।

মূল ‘গেম অব থ্রোনস’ সিরিজের প্রিকুয়াল হিসেবে নির্মিত ‘হাউস অব দ্য ড্রাগন’-এ ২০০ বছর পিছিয়ে গল্প বলা হয়েছে। প্রথম সিজন শেষ হয়েছে চলতি অক্টোবরে। ভক্তরা আশা করছেন, আগামী বছর আসবে দ্বিতীয় সিজন। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিলেন এইচবিও এবং এইচবিও ম্যাক্সের প্রধান কাসি ব্লয়েডস।

এক সাক্ষাৎকারে এইচবিও বস কোনো নির্দিষ্ট দিনক্ষণ না জানিয়ে বলেন, এটা ২০২৩ সালে আশা করা যায় না। তবে ২০২৪ সালের কোনো সময়ে হতে পারে।

‘হাউস অব দ্য ড্রাগন টু’ সম্পর্কে ব্লয়েডস বলছিলেন, আমরা সবে পরিকল্পনা শুরু করেছি। গতবারের মতো এখনো অনেক কিছুই অজানা। এটা কোনো গোপন বিষয় নয়। তবে এখনো বলতে চাই না, কখন মুক্তি পাবে।

‘গেম অব থ্রোনস’-এর ক্ষেত্রে দেখা গিয়েছিল প্রথম সাতটি সিজন এক বছর পরপর মুক্তি পেয়েছে। কিন্তু অষ্টম ও শেষ সিজন দুই বছর সময় নেয়।