এইচবিও নির্মিত টিভি সিরিজটি ২০২৬ সালের বড়দিনে প্রচারের পরিকল্পনা রয়েছে। লেখক জে কে রাউলিংয়ের সিরিজ উপন্যাসের সাতটি বইকে ভিত্তি করে প্রতিটি বইকে একটি করে মৌসুমে রূপ দেয়া হবে, ফলে গল্পগুলো আরো বিস্তারিতভাবে তুলে ধরা সম্ভব হবে বলে মনে করছেন নির্মাতারা।

নতুন এ সিরিজে হ্যারি পটার চরিত্রে অভিনয় করছেন ডমিনিক ম্যাকলাফলিন। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে খালা-চাচার কাছে বড় হওয়া এবং পরবর্তী সময়ে হগওয়ার্টসে ভর্তি হওয়া এ কিশোর জাদুকরের জীবনই গল্পের কেন্দ্র। তার দুই ঘনিষ্ঠ বন্ধু রন উইজলি ও হারমায়োনি গ্রেঞ্জার চরিত্রে দেখা যাবে অ্যালাস্টেয়ার স্টাউট ও আরাবেলা স্ট্যান্টনকে। তিনজনই নতুন মুখ, যা সিরিজটিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে হ্যারি পটার চরিত্রের অভিনয়শিল্পী বাছাই সহজ ছিল না। জানা যায় বহুল আলোচিত ও জনপ্রিয় এ চরিত্রের জন্য ৩২ হাজারের বেশি শিশুর অডিশন নেয়া হয়েছিল।

হগওয়ার্টসের প্রধান শিক্ষক অ্যালবাস ডাম্বলডোর চরিত্রে অভিনয় করছেন জন লিথগো। সেভেরাস স্নেইপ চরিত্রে রয়েছেন পাপা এসিয়েদু এবং মিনার্ভা ম্যাকগোনাগাল চরিত্রে জ্যানেট ম্যাকটিয়ার। হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করছেন নিক ফ্রস্ট, যিনি হ্যারিকে প্রথম জানিয়ে দেন তার জাদুকর হওয়ার কথা।

এছাড়া হ্যারির প্রতিদ্বন্দ্বী ড্রাকো ম্যালফয় চরিত্রে আছেন লক্স প্র্যাট এবং তার বাবা লুসিয়াস ম্যালফয় চরিত্রে জনি ফ্লিন। হ্যারির খালা-খালু পেটুনিয়া ও ভার্নন ডার্সলি চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে বেল পাউলি ও ড্যানিয়েল রিগবি।

গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রের মধ্যে আছেন আর্গাস ফিলচ (পল হোয়াইটহাউজ), কুইরিনাস কুইরেল (লুক থ্যালন), মলি উইজলি (ক্যাথরিন পারকিনসন), কর্নেলিয়াস ফাজ (বার্টি কারভেল) এবং নেভিল লংবটম (ররি উইলমট)।

সিরিজটির শো-রানার হিসেবে কাজ করছেন ফ্রান্সেসকা গার্ডিনার এবং পরিচালনা ও প্রযোজনায় যুক্ত আছেন মার্ক মাইলডসহ একাধিক নির্মাতা।

নতুন এ সিরিজ ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পুরনো সিনেমা সিরিজের তুলনায় এতে গল্পের গভীরতা ও চরিত্র বিকাশ আরো বিস্তারিতভাবে দেখানো হবে বলে আশা করা হচ্ছে। প্রযোজনা দল জানায়, আধুনিক প্রযুক্তি ও উচ্চমানের ভিজুয়াল ইফেক্ট ব্যবহার করে হগওয়ার্টসকে আরো জীবন্ত করে তোলা হবে। সব মিলিয়ে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন অভিজ্ঞতা। নির্মাতারা আশা করছেন, এ সিরিজ তরুণ প্রজন্মের পাশাপাশি পুরনো ভক্তদেরও আবার হগওয়ার্টসের জাদুর জগতে ফিরিয়ে আনবে। এ প্রত্যাশা ঘিরে এরই মধ্যে আলোচনার ঝড় উঠেছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে। হ্যারি পটারের ভক্তরাও অধীর অপেক্ষায় রয়েছেন।

সূত্র ও ছবি: ভ্যারাইটি