দর্শকের মনে সংগীত দিয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন সাবরিনা এহসান পড়শী। মডেলিং ও অভিনয়েও হাতেখড়ি হয়েছে তার। ‘মারিয়া ওয়ান পিস’ ও ‘শাদি মোবারক’ নাটক দুটি দিয়ে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিলেন। এবার ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে নতুন নাটক ‘লাভ স্টেশন’ নিয়ে হাজির হচ্ছেন তিনি।

নাটকটি পরিচালনা করেছেন মহিদুল মহিম। চলতি মাসেই সিলেটের বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ করেছেন তারা। লাভ স্টেশন নিয়ে পড়শী বলেন, ‘এর আগে যে দুটি নাটকে কাজ করেছিলাম, ওগুলো থেকে এবার আলাদা। খুব রোমান্টিক গল্প। তবে চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এ কারণেই কাজটি করতে রাজি হয়েছি। নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল। এছাড়া জোভানের সঙ্গে প্রথমবারের মতো কাজ করেও ভালো লেগেছে।’

গান থেকে অভিনয়ে আসা পড়শীর অভিনয় প্রতিভা নিয়ে জোভান বলেন, ‘গায়িকা হিসেবে তো অবশ্যই ভালো; অভিনেত্রী হিসেবেও সম্ভাবনাময়ী পড়শী।’ লাভ স্টেশন নাটকের গল্পটি রোমান্টিক-কমেডি ঘরানার। দুটি চরিত্রের জার্নির গল্প উঠে এসেছে এতে। ভালোবাসা দিবসে নাটকটি দেখা যাবে বলে জানা গিয়েছে। 

এ নাটকে কাজ করার অভিজ্ঞতা নিয়ে জোভান বলেন, ‘শ্রীমঙ্গলের একটি রিসোর্ট ও কুলাউড়া রেলওয়ে স্টেশনসহ কয়েকটি জায়গায় শুটিং করেছি। ১-৩ ডিসেম্বর শুটিং হয়েছে। অপূর্ব সব জায়গায় বেশ আনন্দের সঙ্গেই কাজ করেছি।’

শুটিং শেষে নাটকটি এখন অন্যান্য কারিগরি কাজের মধ্য দিয়ে যাচ্ছে। প্রচার কবে হবে সে সম্পর্কে এখনো সিদ্ধান্ত হয়নি, তবে ৩১ ডিসেম্বর বছর শেষ উপলক্ষে অথবা ভালোবাসা দিবসে এটি প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জোভান। 

এর আগে পড়শী মারিয়া ওয়ান পিস, শাদি মোবারক নাটক দুটিতে অভিনয় করেছেন কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারহানের সঙ্গে। এবারই প্রথম লাভ স্টেশন নাটকের মধ্য দিয়ে জোভানের সঙ্গে দেখা যাবে তাকে। অন্যদিকে শনিবার সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে জোভান অভিনীত নতুন নাটক ‘গোল্ডেন গোল’। তপু খান পরিচালিত এ নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির।