প্রায় সাড়ে চার মাস কোনো নতুন নাটকে দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির কারণে গুঞ্জন ছড়ায়, সিনেমায় পুরোপুরি মনোযোগ দিতে নাটক থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
সব জল্পনার অবসান ঘটিয়ে আবারো নাটকে ফিরেছেন তিশা। এরই মধ্যে মহিদুল মহিমের ‘ভালোবাসার অভিযান’ ও চয়নিকা চৌধুরীর ‘প্রথম দেখার পর’ নাটকের কাজ শেষ করেছেন তিনি।
বিরতি প্রসঙ্গে তিশা বলেন, ‘প্রায় সাড়ে চার মাস নাটকের শুটিং করিনি। সবাই ধরে নিয়েছিল সিনেমার জন্য নাটক ছেড়ে দিয়েছি। আর কাজ করব না। আমি আগেও বলেছি, আমি শিকড় কখনো ভুলি না। নাটক আমার শিকড়। এটা আমার ভালোবাসার জায়গা। যখন মনে হলো, আমার আবার শুরু করা উচিত, তখন চয়নিকা দিদিকে ‘প্রথম দেখার পর’ নাটকের জন্য শিডিউল দিই। এর আগে একটি নাটকের কাজ করা হয়েছে।’
নির্মাতা হিসেবে ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করছেন ‘প্রথম দেখার পর’। এতে তিশার বিপরীতে আছেন ইরফান সাজ্জাদ। নাটকটি নিয়ে তিশা বলেন, ‘একটি সুন্দর ভালোবাসার গল্প নিয়ে এ নাটক। অনেক দিন পর চয়নিকা দিদির সঙ্গে কাজ করলাম। আশা করছি তার পরিচালনায় আগের নাটকগুলোতে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, এবারো পাব।’
এদিকে গত বছর শুরু হওয়া ‘সোলজার’ সিনেমার কাজ এখনো শেষ হয়নি। একটি গান ও কিছু দৃশ্যের শুটিং বাকি রয়েছে। বাকি কাজের শুটিং আগামী মাসে শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমাটিতে তানজিন তিশার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।










