পপ সংগীত ও কালচারের ইতিহাসের অন্যতম আইকন মাইকেল জ্যাকসন। তার জীবন নিয়ে বহু প্রতীক্ষিত বায়োপিক মাইকেল-এর পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ হলো। লায়ন্সগেট প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২৪ এপ্রিল, আর তার আগেই ট্রেলার দর্শকদের সামনে তুলে ধরেছে এক কিংবদন্তির ‘শূন্য থেকে শিখর’-এ ওঠার গল্প। ট্রেলারের শুরুতেই শোনা যায় অনুপ্রেরণামূলক কণ্ঠস্বর, ‘তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের শ্রেষ্ঠ।’ সেই সঙ্গে পর্দায় ধীরে ধীরে ভেসে ওঠে এক তরুণ মাইকেল জ্যাকসনের উত্থানের দৃশ্য, যার পটভূমিতে বাজতে থাকে তার ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় ও চেনা গানগুলির ঝলক।

দুই মিনিট ষোল সেকেন্ডের এই ট্রেলারে দর্শক প্রথম ঝলকেই দেখতে পান, কীভাবে মাইকেল জ্যাকসন এক সাধারণ ছেলেবেলা থেকে ধীরে ধীরে ‘কিং অব পপ’-এ রূপান্তরিত হন। গান, নাচ এবং মঞ্চে তার উপস্থিতি—সব মিলিয়ে ট্রেলারটি যেন সুপারস্টার হয়ে ওঠার এক ভিজ্যুয়াল যাত্রা। সিনেমাতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাতিজা জাফর জ্যাকসন। ট্রেলারে জাফরকে দেখা যায় মাইকেলের স্বাক্ষর ভঙ্গিতে গান গাইতে, নাচতে এবং ধীরে ধীরে বিশ্বজোড়া জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে। দেখে মনে হলো যেন মাইকেলই ফিরছেন।

পরিচালক অঁতোয়ান ফুকুয়া নির্মিত এ সিনেমায় অভিনয়শিল্পীদের তালিকাও নজরকাড়া। মাইকেল জ্যাকসনের আইনজীবী ও উপদেষ্টা জন ব্রাঙ্কার চরিত্রে রয়েছেন মাইলস টেলার। মাইকেলের বাবা জো জ্যাকসনের ভূমিকায় কলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন নিয়া লং। লাটইয়া জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে জেসিকা সুলাকে। মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডির চরিত্রে রয়েছেন লারেঞ্জ টেট, সংগীত জগতের অগ্রদূত নির্বাহী সুজান দে পাসের ভূমিকায় লরা হ্যারিয়ার এবং ডায়ানা রসের চরিত্রে অভিনয় করেছেন ক্যাট গ্রাহাম। জ্যাকসন ফাইভ যুগের কিশোর মাইকেল জ্যাকসনের ভূমিকায় দেখা যাবে জুলিয়ানো ভালদিকে।

MV5BZWU5ZjMxZWMtMGMxNy00NzBjLWFhNmYtZmEzNDVmMTRkZDgwXkEyXkFqcGc@._V1_

সিনেমার পোস্টার। ছবি: আইএমডিবি

২৪ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা থাকলেও সিনেমাটির মুক্তি নিয়ে আগেও নানা জল্পনা ও বিলম্বের খবর শোনা গেছে। ট্রেলার কিংবা প্রকাশিত সংক্ষিপ্ত কাহিনি থেকে এখনও স্পষ্ট নয়, মাইকেল জ্যাকসনের জীবনের পরবর্তী সময়ে উঠে আসা বিতর্কগুলো এই সিনেমাতে কতটা বা আদৌ ছোঁয়া হবে কি না। উল্লেখযোগ্যভাবে, ট্রেলারটি প্রকাশ পেয়েছে একটি ব্রিটিশ তথ্যচিত্র সম্প্রচারের ঠিক দু’দিন আগে, যেখানে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত অডিও রেকর্ডিং শোনানো হবে—যাতে তিনি শিশুদের প্রতি নিজের অনুভূতির কথা বলেছিলেন বলে জানা গেছে।

সিনেমার অফিসিয়াল সিনপসিস অনুযায়ী, মাইকেল শুধুমাত্র সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের গল্প নয়, বরং মানুষ মাইকেল জ্যাকসনের জীবনকে নতুন করে তুলে ধরার প্রয়াস। জ্যাকসন ফাইভের লিড গায়ক হিসেবে তার অসাধারণ প্রতিভা আবিষ্কারের মুহূর্ত থেকে শুরু করে এক দূরদর্শী শিল্পী হয়ে ওঠার যাত্রা—যার সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষা তাকে বিশ্বের সর্বকালের অন্যতম বৃহৎ বিনোদন তারকায় পরিণত করেছিল—সবটাই এই সিনেমার কেন্দ্রে। মঞ্চের বাইরের জীবন এবং একক শিল্পী হিসেবে তার প্রাথমিক কেরিয়ারের কিছু আইকনিক পারফরম্যান্সের মধ্য দিয়ে দর্শকদের সামনে এমন এক মাইকেল জ্যাকসনকে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছে এই সিনেমা, যাকে আগে কখনও এইভাবে দেখা যায়নি।

সূত্র: ডেডলাইন