পাকিস্তানে বাংলাদেশী সিনেমা মুক্তির প্রক্রিয়া এবারই নতুন নয়। এর আগেও বহু বাংলাদেশী সিনেমা পাকিস্তানে মুক্তি পায়। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সে প্রক্রিয়াটা ফের সচল হয়। এ দুটি সিনেমা মূলত বাংলা ভাষায় ইংরেজি সাব টাইটাইলে মুক্তি দেয়া হয় দেশটিতে। এবার পাকিস্তানে বাংলাদেশী সিনেমাকে একেবারে উর্দুতে ডাব করে মুক্তি দেয়া হচ্ছে। সিনেমাটি হচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত ‘জংলি’। গেল ঈদুল ফিতরে যে সিনেমাটি বাংলাদেশে তুমুল দর্শকপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয়।

বাংলাদেশে প্রশংসার পর ‘জংলি’ যুক্তরাষ্ট্র ও কানাডার ৪০টি থিয়েটারে একযোগে মুক্তি পায়। সেখানেও দারুণ দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো। সিনেমাটি এখনো দেশে বিদেশে তুমুলভাবে দর্শকাদের সাড়া জাগাচ্ছে। সে ধারাবাহিকতায় এবার ‘জংলি’ মুক্তি পাচ্ছে পাকিস্তানে। দেশটিতে ‘জংলি’ পরিবেশন করবে লাহোরের সিনে এন্টারটেইনমেন্ট নামের একটি প্রতিষ্ঠান।

সিনে এন্টারটেইনমেন্টের কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি সিনে এন্টারটেইনমেন্টর আসিফ চৌধুরী। শিগগিরই আমরা জংলি সিনেমাকে উর্দুতে ডাবিং করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। আমাদের সঙ্গে বাংলাদেশের সিনেমাটির প্রযোজনা সংস্থার সঙ্গে সব চুক্তি হয়ে গেছে। এখন সিনেমাটির উর্দু ডাব চলছে। এর মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমা উর্দুতে ডাব হয়ে পাকিস্তানে মুক্তি পাবে।

এম রাহিমের পরিচালনায় ‘জংলি’র নাম ভূমিকায় আছেন সিয়াম। পাখি চরিত্রে রয়েছেন শিশু শিল্পী নৈঋতা। সঙ্গে রয়েছেন এ সময়ের জনপ্রিয় নায়িকা বুবলী। আছেন এক সময়ের জনপ্রিয় শিশুশিল্পী ও নায়িকা দিঘী। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ।