আন্ডারওয়ার্ল্ড ও অপরাধজগতের ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে নির্মিত এ অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে প্রশংসা পাচ্ছেন বিদ্যা সিনহা মিম। প্রেক্ষাগৃহে ‘মালিক’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই এবার ওটিটির পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এ অভিনেত্রী।
সিনেমা হলের গণ্ডি পেরিয়ে এবার দেশীয় জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘চরকি’-এর পর্দায় দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। ওটিটি প্লাটফর্ম চরকি তাদের দর্শকের জন্য নিয়ে আসছে নতুন একটি অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করে নতুন চলচ্চিত্রটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্লাটফর্মটি। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা কাজী আসাদ।
নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির পোস্টারটি শেয়ার করে চরকি ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়েছে। সেখানে লেখা হয়েছে লাইফের এ জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম লাইফলাইন" আসছে শিগগিরই।
পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর চলচ্চিত্র অঙ্গন এবং ওটিটি দর্শকের মাঝে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সময়ের চাকা যখন মানুষের জীবনের এক বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়, তখন সেই প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জটিল গল্প বলতে মিমকে কেমন নতুন রূপে দেখা যাবে, তা নিয়ে মুখিয়ে আছেন তার ভক্তরা। জীবনের জার্নি ও সময়ের এ জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটে উঠবে, তা দেখতে এখন অপেক্ষা কেবল মুক্তির।
তবে লাইফলাইন চলচ্চিত্রে বিদ্যা সিনহা মিম ছাড়া আর কোন কোন অভিনয়শিল্পী থাকছেন এবং ছবিটির মূল গল্প বা প্লট ঠিক কী নিয়ে সাজানো হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি নির্মাতা কাজী আসাদ কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।









