ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’-এর মুকুটে যুক্ত হচ্ছে আরেকটি পালক। ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে এ সিনেমা দিয়ে। মুক্তিযুদ্ধের সময় ফরাসি যুবক জ্যঁ কুয়ের বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে এ সিনেমার গল্প। সিনেমাটি এর মধ্যেই নানা চলচ্চিত্র উৎসবে পুরসৃ্কত হয়েছে। ফলে দেশের চলচ্চিত্র উৎসবের সূচনা এ সিনেমার মধ্য দিয়ে হওয়া মানে সিনেমাটি সম্মানিত হওয়া। এ নিয়ে পরিচালক ফাখরুল আরেফীন খান গর্ব অনুভব করছেন বলে জানান।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হওয়ার কারণে সিনেমাটিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। পরিচালক, দর্শক ও সমালোচকদের সামনে দেশের মুক্তিযুদ্ধ বিষয়টি তুলে ধরার চেষ্টা থাকবে আয়োজকদের। সে কারণেই সিনেমাটিকে বাছাই করা হয়েছে। চলচ্চিত্র উৎসবের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বহির্বিশ্বে নানা পুরস্কারে ভূষিত এ সিনেমার প্রচার করতে পারায় তারাও গর্বিত।
এরপর তিনি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা নির্মাণের কথা ভাবেন। বণিক বার্তার সঙ্গে এক সাক্ষাত্কারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল মুক্তিযুদ্ধভিত্তিক অনেক সিনেমার মধ্যে জেকে ১৯৭১-এর বৈশিষ্ট্য কী? তিনি বলেছিলেন, ‘প্রথমত
এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে করা। আমাদের দেশের মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সিনেমা নেই। আমরা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, এছাড়া অনেক যুদ্ধের সিনেমা দেখতে পারি, যেগুলো বিশ্বব্যাপী মানুষ দেখতে পায়। সে হিসেবে জেকে ১৯৭১ সিনেমাটি বিশ্বব্যাপী মানুষ দেখার সুযোগ পাবে। বাংলাদেশের যুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধে পরিণত হয়েছিল মানবিকতার জায়গা থেকে। আমাদের দেশের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, এমন একটি তরুণের যুদ্ধের গল্প এটা। আমাদের দেশের মানুষের জন্য সংগ্রাম করে তাকে জেলের ভেতরে থাকতে হয়। তার আত্মত্যাগ নিয়ে বাংলাদেশের প্রথম সিনেমা নির্মাণ করা হলো।’
জ্যঁ কুয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে সহযোগিতা করতে চেয়েছিলেন। সে গল্পটা ফাখরুল আরেফীন খান বৃহত্তর দর্শক গোষ্ঠীর কাছে নিয়ে যেতে চেয়েছেন। কাজটি তিনি করেছেন যত্নের সঙ্গে এবং দর্শকের হাতে বাকিটা ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, ‘একটি অনন্য কাজ করার চেষ্টা করেছি, বাকিটা দর্শক বলবেন।’ এর মধ্যেই মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর ইস্তানবুলেও পুরস্কৃত হয় সিনেমাটি। এবার দেশে প্রিমিয়ার হচ্ছে জেকে ১৯৭১। ফাখরুল আরেফীন খান জানিয়েছেন, ওপেনিংয়ে উপস্থিত থাকতে পারেন সব্যসাচী চক্রবর্তী। সিনেমায় একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।










