সিডনি সুইনিকে নিয়ে নতুন করে আলাপ হচ্ছে। সিডনি অভিনীত ‘ক্রিস্টি’ মুক্তি পাওয়া এ আলোচনার অন্যতম কারণ। পাশাপাশি আরো কিছু বিষয় আছে। এ বছরের শুরুর দিকে আমেরিকান ঈগল জিন্সের বিজ্ঞাপন বিষয়েও তাকে নিয়ে বিতর্ক হয়েছে। ব্র্যান্ডের স্লোগান ছিল, ‘সিডনি সুইনি হ্যাজ গ্রেট জিন্স’। বিষয়টিকে বায়োলজির জিনের সঙ্গে যুক্ত করেছেন অনেকে। কেউ কেউ এ বিজ্ঞাপনকে ‘নাৎসি প্রপাগান্ডা’র সঙ্গেও তুলনা করেন।

এসব বিষয় নিয়ে পিপল ম্যাগাজিনের সঙ্গে কথোপকথনে সুইনি বলেন, ‘মানুষের এ প্রতিক্রিয়ায় আমি সত্যিই বিস্মিত হয়েছিলাম। জিন্স ও ব্র্যান্ড দুটোকেই ভালোবাসি। সে কারণেই বিজ্ঞাপন করা। মানুষ এ প্রচারণার সঙ্গে যে কিছু মতাদর্শ যুক্ত করেছে, আমি তা সমর্থন করি না। অনেকেই আমাকে উদ্দেশ্য ও পরিচয় দিয়ে চিহ্নিত করেছে, যা মোটেই সত্য নয়।’

একই সূত্রে তিনি জানান, তিনি ঘৃণা ও বিভক্তির বিরুদ্ধে। সিডনি বলেন, ‘যারা আমাকে চেনেন তারা জানেন, আমি সবসময় মানুষকে একত্রে আনার চেষ্টা করি। আমি ঘৃণা ও বিভক্তির বিরুদ্ধে। অতীতে নেতিবাচক বা ইতিবাচক কোনো ধরনের প্রচারের প্রতিক্রিয়া না দেয়াই ছিল আমার অবস্থান। কিন্তু সম্প্রতি বুঝতে পেরেছি, এ বিষয়ে আমার নীরবতা বিভাজন আরো বাড়িয়ে দিয়েছে, কমায়নি। তাই আমি আশা করি, নতুন বছর আমাদের বিভাজন নয়, বরং সংযোগের দিকে নিয়ে যাবে।’

বিতর্ক নিয়ে সুইনি মাসের পর মাস নীরব ছিলেন, এরপর গত মাসে জিকিউকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবার এ বিষয়ে কথা বলেন। এমি মনোনীত এ অভিনেত্রী জানান, তীব্র সমালোচনার সময় তিনি কখনই বিজ্ঞাপন ব্যাখ্যা বা রক্ষা করার জন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার কথা ভাবেননি। তার ভাষায়, ‘আমি সবসময় বিশ্বাস করেছি যে মানুষের কী ভাবা উচিত, তা বলে দেয়া আমার কাজ নয়।’

বিতর্ক যখন জাতীয় সংবাদে পরিণত হয়, তখন হোয়াইট হাউজের কমিউনিকেশন ম্যানেজার স্টিভেন চিউং এটিকে ‘ক্যানসেল কালচার’-এর উদাহরণ বলে মন্তব্য করেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স লিবারেলদের ‘হিস্টিরিয়া’ নিয়ে বিদ্রূপ করেন। বিষয়টি ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত গড়ায় এবং তিনিও এ নিয়ে মন্তব্য করেন।

সুইনি জিকিউকে জানান, ট্রাম্প ও ভ্যান্সের মন্তব্য করা ‘অবাস্তব’ লেগেছিল, তবে তিনি পুরো বিতর্কের দিকে মন দেননি।

তিনি বলেন, ‘আমি আসলে ফোনটা বন্ধ করে রেখেছিলাম। আমি প্রতিদিন শুটিং করছিলাম। ‘‘ইউফোরিয়া’’ সিরিজের শুটিং করছি, তাই দিনে ১৬ ঘণ্টা কাজ করি আর সেটে ফোন রাখি না। কাজ করি, তারপর বাড়ি যাই, ঘুমাই। তাই আমি আসলে অনেক কিছুই দেখি না।’

সুইনি ‘দ্য হাউজমেইড’ সিনেমায় অভিনয় করছেন। এটি ১৯ ডিসেম্বর মুক্তি পাবে।

সূত্র: ভ্যারাইটি