ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত সিনেমা ‘দাগি’ এবার দেশের বাইরেও ব্যাপক সাড়া ফেলছে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটি মুক্তির পর থেকে একের পর এক শো হাউসফুল যাচ্ছে।

পথ প্রোডাকশন ও ঈগল এন্টারটেইনমেন্টের পরিবেশনায় অস্ট্রেলিয়ার সিডনিতে গত ১২ এপ্রিল ‘দাগি’ মুক্তি পায়। মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহে টিকিট অগ্রিম বিক্রি হচ্ছে। ২৭ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫টি শোর পরিকল্পনা করা হলেও দর্শকের চাপে তা বাড়িয়ে ২০টি শো চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরিচালক শিহাব শাহীন বলেন, দেশের বাইরেও হাউসফুল শো যাচ্ছে ‘দাগি’। এখনো সামনে অনেক দেশে মুক্তি পাবে। আশা করছি সেখানেও ভালো সাড়া পাব।

তিনি আরো বলেন, ‘দাগি’ দেশে যেমন সাড়া ফেলেছে, বিদেশে হয়তো তার চেয়েও বেশি সাড়া ফেলবে। কারণ প্রবাসী বাঙালিরা সব সময় দেশী সিনেমার জন্য অপেক্ষা করে। ছবিটি একদম মফস্বলের গল্প নিয়ে, যা তাদের মধ্যে আলাদা আবেগ তৈরি করবে।

‘দাগি’ ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় মুক্তি পাবে। এরপর মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটি দেখা যাবে সুইডেন, ইংল্যান্ডসহ আরো বেশ কিছু দেশে।