তরুণ নির্মাতা আজিজুল হাসান সূর্য। যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের গল্প তুলে ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি।

১৬ বছর বয়সে বাংলাদেশের টেলিভিশন নাটকের সেট থেকে চলচ্চিত্র নির্মাণে যাত্রা শুরু করা সূর্য এখন আন্তর্জাতিক মানের স্বাধীন চলচ্চিত্র নির্মাণে সক্ষম।

ভারতে উচ্চশিক্ষা গ্রহণের পর দেশে ফিরে টিভি ও বিজ্ঞাপনের পোস্ট প্রডাকশন সুপারভাইজার হিসেবে কাজ করেন তিনি। পরে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তার নির্মিত ‘দ্য অক্সুলারি ভার্ব’ নামের ডকুমেন্টারি শিশু শ্রম ও নির্যাতনের নির্মম বাস্তবতা তুলে ধরে ২০১৭ সালে ভারতের প্রথিতযশা দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এই কাজের মাধ্যমে তিনি স্বাধীন নির্মাতাদের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ গড়ে তোলেন।

২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডি’ চলচ্চিত্রে সিনেমাটোগ্রাফির জন্য প্রশংসিত হন সূর্য। ২০২৩ সালে গোল্ডেন গ্লোব ফেলোশিপের সহায়তায় নির্মিত ‘অ্যামিলিস নাইট আউট’ লস অ্যাঞ্জেলসের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। একই বছর বাবলস চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করে গোল্ডেন নগেট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেন।

বর্তমানে তিনি ‘কল ফর্ম দ্য ৮০ এস’ ও ‘ফিল্ড অব ফ্রিডম’ নামে দুটি সিনেমার কাজ করছেন, যেখানে দেশের ইতিহাস ও সামাজিক সমস্যাকে আন্তর্জাতিক থ্রিলার ও নস্টালজিক গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন।

আজিজুল হাসান সূর্য বলেন, ‘আমার শিকড় বাংলাদেশে। আমি চাই বাংলাদেশের নির্মাতারা আন্তর্জাতিক মানের কাজের সুযোগ পাক, এজন্য একটি স্টুডিও মডেল তৈরি করতে চাই যেখানে তারা সরাসরি যুক্ত হতে পারবে।’

দেশের গল্পকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার মাধ্যমে আজিজুল হাসান সূর্য নতুন প্রজন্মের নির্মাতাদের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছেন।