সম্প্রতি গ্রেটা গারউইগের অস্কার মনোনয়ন পাওয়া ছবি লিটল উইমেন আন্তর্জাতিক বক্স অফিসে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার আয়ের মাইলফলক অতিক্রম করেছে। এই মহামারীকালে খবরটা সিনেমা অনুরাগীদের মনে আশা জাগাচ্ছে। করোনা মহামারীর জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্তে তিন মাস ধরে সিনেমা হলগুলো বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি অনেক দেশে সিনেমা হল খুলে দেয়া হচ্ছে।
সম্প্রতি জাপান ও ডেনমার্কে খুলেছে সনি ফিল্ম। সনি ও নিউ রিজেন্সি ফিল্ম ১২টি দেশে তাদের ৪৭২টি পর্দা থেকে লিটল উইমেনের জন্য ৫ লাখ ডলার আয় করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে জাপান থেকে। জাপানে সনির হলগুলো খুলেছে গত রোববার। এখান থেকে আয় করেছে ৩ লাখ মার্কিন ডলার। আর সব মিলিয়ে বিভিন্ন দেশ থেকে গত দুই সপ্তাহে আয় হয়েছে ১৩ লাখ মার্কিন ডলার।
লিটল উইমেন সম্প্রতি ডেনমার্কের হলগুলোতেও প্রদর্শন শুরু হয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে ছবিটি আয় করেছে ১ লাখ ৭০ হাজার ডলার এবং এ নিয়ে দেশটিতে মোট আয় হয়েছে ১০ লাখ ডলার।
যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজার থেকে সব মিলিয়ে লিটল উইমেন এ যাবৎ আয় করেছে ২০৯ মিলিয়ন ডলার।
সনি গত রোববার তাদের সাপ্তাহিক আয়ের হিসাব দিয়েছে। করোনার কারণে শাটডাউন শুরু হওয়ার পর এই প্রথম কোনো স্টুডিও তাদের বক্স অফিসের হিসাব প্রকাশ করল।
জাপান ও ডেনমার্কে সিনেমা হলে ভালো আয়ের পর সনি স্টুডিওর জন্য সুখবর আছে দক্ষিণ কোরিয়ায়ও। দেশটিতে স্থানীয় ভাষায় সনির তৈরি গিউল-বায়েক ছবিটি দ্বিতীয় সপ্তাহে ১২ লাখ ডলার আয় করেছে, সব মিলিয়ে ছবিটির আয় ৪২ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রে মধ্য জুলাইয়ে সিনেমা হল খুলে দেয়ার কথা রয়েছে। ২৪ জুলাই মুলান ও ৩১ জুলাই টেনেট মুক্তি পাবে। তবে দর্শকদের সবাইকে হলে মাস্ক পরতে হবে। সনির অভিজ্ঞতা আশা দেখাচ্ছে যে চলচ্চিত্র বাজার শিগগিরই মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।
সূত্র: হলিউড রিপোর্টার










