কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দী মারা গেছেন অর্ধযুগেরও বেশি সময় আগে। কিন্তু তার গাওয়া কিছু গান এখনো অপ্রকাশিতই রয়ে গেছে। সে রকমই একটি গান ‘আমার আয়ু নিয়ে বাঁচো’। গানটি মুক্তি পাবে অচিরেই।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেকের সুর-সংগীতে মোট ১১টি গানে কণ্ঠ দিয়ে গেছেন সুবীর নন্দী। সেখান থেকেই ধারাবাহিকভাবে শিল্পীর কণ্ঠের গানগুলো মুক্তি দেয়া হচ্ছে। এরই মধ্যে এই সিরিজের বেশ ক’টি গান মুক্তি দেয়া হয়েছে।

সুবীর নন্দীর কণ্ঠে এবারের গানটি লিখেছেন জাহিদ আকবর। স্যাড রোমান্টিক ধাঁচের গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশত আন্তর্জাতিক প্লাটফর্মে মুক্তি দেয়া হবে।

গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক তানভীর তারেক বলেন, ‘সুবীর দার সাথে এই গানগুলোর প্রজেক্ট আমার জীবনের অমূল্য স্মৃতির মতো। গানগুলো আমার ক্যারিয়ারের অন্যতম কাজ। প্রতিটি গানেই অ্যাক্যুস্টিক ইন্সট্রুমেন্টের ব্যবহার করা হয়েছে। যেমন ‘আমার আয়ু নিয়ে বাঁচো’ গানটিতে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত বাদক রাহুল মুখোপাধ্যায়। গানটির কথাগুলো অসাধারণ। আজ সুবীরদার কণ্ঠ নিয়ে তো বলার কিছু নেই। আমি মনে করি, রিলস/টিকটকের এই যুগে এখনো কিছু শ্রোতা রয়েছেন যারা মেলোডিতে মগ্ন থাকতে চান। এই গানটা তাদের জন্য।’

গীতিকবি জাহিদ আকবর বলেন, ‘তানভীরের সুরে কাজ করতে সবসময়ই স্বাচ্ছন্দ্য বোধ করি। এই গানটি যে সুবীর দার কণ্ঠে ধারণ করা হয়েছে তা আমার জানাও ছিল না। আমি ভেবেছি গানটি পরে আর রেকর্ড হয়নি। কিন্তু এতদিন পর সুবীর দার কণ্ঠে আমার এই গানটি শুনতে পেরে সত্যিই মুগ্ধ হলাম। আমি মনে করি, শ্রোতারাও একইভাবে এই গানের মুগ্ধতা নিতে চাইবে বারবার।’

গানটির একটি লিরিক ভিডিও অবমুক্ত করা হবে প্রথমে। পরবর্তী সময়ে আলাদা দৃশ্য ধারণ করে একটি থিমনির্ভর মিউজিক ভিডিও প্রকাশের পরিকল্পনা রয়েছে।