দেশের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক নিয়ে তিনি বিপাকে রয়েছেন। গতকাল সংবাদমাধ্যমে এ নির্মাতা জানান, তার ফেসবুক অ্যাকাউন্টটি প্রায় দেড় মাস আগে হ্যাক হয়েছে। আফজাল হোসেন ফেসবুকে বেশ অ্যাক্টিভ ছিলেন। কিন্তু প্রায় দেড় মাস হলো তিনি নিজে কোনো পোস্ট করতে পারছেন না। আবার ফেসবুক আইডি এখনো উদ্ধার করতে পারেননি। এ নিয়ে সবাইকে সতর্ক করে বলেন, ‘দুঃখজনক হলেও সত্য যে আমার ফেসবুক আইডিটি প্রায় দেড় মাস ধরে নিয়ন্ত্রণে নেই। কারা কখন এটি হ্যাক করেছে, আমার নিজেরও জানা নেই। বেশকিছু দিন ধরে আমি ফেসবুকে লিখতে পারছি না। তখন টের পেলাম যে এটা আর আমার নিজের কন্ট্রোলে নেই। এরই মধ্যে অনেকেই আমি কেন্দ্রিক নানা বিষয় পোস্ট দিয়েছেন। আমি সেগুলোয় কোনো রেসপন্স করতে পারছি না। আবার কারো কারো ট্যাগও অ্যাকসেপ্ট করা হচ্ছে না। আমার কাজ সম্পর্কিত অনেক কিছুই ফেসবুকে প্রকাশ পাচ্ছে। সেগুলো নিয়েও আমি কিছু করতে পারছি না। ফলে আমাকে অনেকেই ভুল বুঝছেন। অনুগ্রহপূর্বক কেউ ভুল বুঝবেন না এবং সবাইকে সতর্ক করেই বলছি, আপাতত আমার ফেসবুকের সঙ্গে কেউ কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। আইডি ফেরত পেলে আমিই সবাইকে জানাব, হোক তা সংবাদমাধ্যমে কিংবা ফেসবুক লাইভে এসে।’ অন্যদিকে আফজাল হোসেন সম্প্রতি শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবাসহ আরো অনেকে। ৪ নভেম্বর জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে প্রকাশ হয়েছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘বোধ’ ওয়েব সিরিজটি। এতে আফজাল হোসেনের অসাধারণ অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। অবসরপ্রাপ্ত বিচারপতি আলমগীর হোসেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ সিরিজে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনয়শিল্পী দিলারা জামান। অন্যান্য চরিত্রে আছেন রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান, খায়রুল বাসার, সাঈদ বাবু, শাহজাহান সম্রাট প্রমুখ।