ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’। মূলত এটি একটি ব্যবসা ভিত্তিক রিয়েলিটি শো, যেখানে প্রতিযোগী উদ্যোক্তারা তাদের বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া তুলে ধরেন বিনিয়োগকারীদের সামনে। এ শোয়ের প্রথম সিজনে বিচারকের আসনে থাকাদের মধ্য অন্যতম জনপ্রিয় মুখ বিনীতা সিং। সম্প্রতি নেটিজেনদের বিরূপ মন্তব্যের শিকার হয়ে তার তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন তিনি। বিনীতা সিং ভারতের জনপ্রিয় লেখক চেতন ভগতের পডকাস্ট শোয়ে গিয়ে জানান তিনি কখনই ভাবেননি সমালোচনা উপেক্ষা করতে পারবেন।
বিনীতা জানান, একজন দক্ষ ব্যবসায়ী হওয়ার পরেও সামাজিক মাধ্যমে বেশির ভাগ নেতিবাচক মন্তব্য আসে তার চেহারা নিয়ে। বর্তমানে তিনি সামাজিক মাধ্যমে ‘পোস্ট-অ্যান্ড-রান’
পদ্ধতি প্রয়োগ করেন, এতে ইনস্টাগ্রামের কোনো মন্তব্য পড়তে হয় না তাকে।
তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে একজন নারীকে বেশির ভাগ সময় চেহারা দিয়েই বিচার করা হয়। আমি জীবনে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু যখন কিছু পোস্ট করি ৯৫ শতাংশ মন্তব্য করা হয় আমার চেহারা নিয়ে। একটি প্রতিষ্ঠানের সিইও আমি, তাই লোকেরা মন্তব্য করে বসেন আমি দেখতে খারাপ বলেই মেকআপ কোম্পানি দিয়ে কাজ শুরু করেছি। এমনকি অনেক সময়ে শুনতে হয় আমি কুিসত। আপনি যখন কিছু করবেন তখন অনেকেই আপনাকে নিচু করতে চাইবে। এজন্য তারা নানা বিষয় নিয়ে আপনাকে ছোট করবে। এখন আমি যে অবস্থানে রয়েছি সেখানে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছি, সংগ্রাম করেছি, কষ্ট করে এখানে এসেছি।’
চেতন ভগতকে বিনীতা সিং আরো বলেন, ‘মেকআপ কোম্পানি শুরু করার জন্য প্রায়ই তাকে হিপোক্রেট শুনতে হয় কারণ তিনি আত্মপ্রেম নিয়েই কথা বলেন। নারীরা মেকআপ করতে ভালোবাসেন এবং এটা অন্যকারো নয় বরং নিজের জন্যই। কখনো কেউ প্রশ্ন করে না স্টিভ জবস একই টি-শার্ট কেন পরেন। মার্ক জুকারবার্গ ও স্টিভ জবসের জন্য একই টি-শার্ট বারবার পরা সমস্যার কিছু নয়। কিন্তু ভারতের লোকেরা এসব বিষয়েও খুব বেশি গুরুত্ব দেন।’
বিশ্ব জনপ্রিয় প্রতিষ্ঠান সুগার কসমেটিকসের প্রতিষ্ঠাতা সিইও বিনীতা সিং। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ায় পীযূষ বনসাল, গজল আলাঘ, অনুপম মিত্তালের মতো উদ্যোক্তাদের সঙ্গে দেখা গিয়েছে তাকে। বর্তমানে এর দ্বিতীয় সিজনের প্রস্তুতি চলছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










