লোকি যে রাজামৌলির ভক্ত, তা এবার প্রকাশ্যে! এমসিইউতে লোকি চরিত্রে বিখ্যাত অভিনেতা টম হিডলস্টোন বর্তমানে তার নতুন সিরিজ দ্য নাইট ম্যানেজার সিজন ২-এর প্রচারে ব্যস্ত। এক সাক্ষাৎকারে টমকে জিজ্ঞেস করা হয়, ভবিষ্যতে তিনি কাদের সঙ্গে কাজ করতে চান। উত্তরে ব্রিটিশ এ অভিনেতা বাহুবলি ও আরআরআর-এর পরিচালক এসএস রাজামৌলির নাম উল্লেখ করেন।

হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে টমকে ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে থেমে বলেন, ‘এটা নিয়ে আমাকে একটু ভাবতে হবে।’ এর পরই যখন নির্মাতা এসএস রাজামৌলির নাম তার সামনে প্রস্তাব করা হয়, টম সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘চমৎকার।’

বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় ভারতীয় নির্মাতা এসএস রাজামৌলির ছবি আরআরআর ও বাহুবলি ভারতের বাইরেও ব্যাপক সাফল্য পেয়েছে। আরআরআরে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট ও অজয় দেবগন। ২০২২ সালে মুক্তির পর ছবিটি বিশ্বব্যাপী এক বড় ঘটনায় পরিণত হয়। ছবির বিশাল স্কেল, আবেগ ও অ্যাকশন দর্শকের মন জয় করে নেয়। এছাড়া সিনেমার গান ‘নাটু নাটু’ ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসে (২০২৩) সেরা মৌলিক গানের জন্য মর্যাদাপূর্ণ অস্কার জেতে।

টম হিডলস্টোনকে বর্তমানে স্পাই অ্যাকশন থ্রিলার দ্য নাইট ম্যানেজার সিজন ২-এ দেখা যাচ্ছে। সিরিজটি দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছে। এ বৈশ্বিক হিট শোয়ে টম ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক বিশেষ এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন।

এদিকে রাজামৌলির পরবর্তী বড় সিনেমা বারাণসী। আসন্ন প্রজেক্ট বারাণসী ২০২৫ সালের নভেম্বরে আনুষ্ঠানিক ঘোষণার পরই ব্যাপক আলোচনায় রয়েছে। বিশাল পরিসরে নির্মিত এ সিনেমা প্রায় ১৩০০ কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে বলে জানা গেছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র রুদ্র হিসেবে অভিনয় করছেন টলিউড সুপারস্টার মহেশ বাবু। পাশাপাশি নারী মুখ্য চরিত্র মন্দাকিনীর ভূমিকায় থাকছেন গ্লোবাল আইকন প্রিয়াংকা চোপড়া এবং প্রধান খলনায়ক কুম্ভ চরিত্রে অভিনয় করছেন পৃথ্বিরাজ সুকুমার।

সিনেমাটি ২০২৭ সালের গ্রীষ্মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সূত্র: ইয়ন