আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী আবদুল্লাহ আল বশিরের ‘ইভোলিউশন’ শীর্ষক প্রদর্শনী। শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল, বিশিষ্ট শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান আনিস।
আবদুল্লাহ আল বশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে ২০০৯ সালে বিএফএ ও ২০১০ সালে এমএফএ উভয় ক্ষেত্রেই প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। দেশে শিক্ষা জীবন শেষ করার পর বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার জন্য চীনের ইয়ানান আর্টস ইউনিভার্সিটিতে যান, যেখানে তিনি তার উডকাট প্রিন্টের ‘অল মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।
উডকাট প্রিন্টের প্রতি বশিরের বিশেষ আগ্রহ রয়েছে। তিনি একাধিক প্লেটে বিশাল উডকাট ব্লকে কাজ করেছেন, যা খুবই জটিল। বশির বাংলাদেশে জাহাজ ভাঙার প্রক্রিয়া ও এর পরিবেশগত বিপর্যয় লক্ষ করে তার শৈল্পিক দায়বদ্ধতার দিক থেকে এ ধারাবাহিক কাজগুলো চিত্রিত করেছেন। তার পরীক্ষা ও গবেষণামূলক প্রতিটি কাজেই বিশদ বিবরণ এবং রঙের ব্যবহার লক্ষণীয়। কাজগুলোর রঙের ক্ষেত্রে পরিপক্বতা মনোগ্রাহী। তিনি এ ধারাবাহিক শিল্পকর্মে রূপকভাবে ‘জাহাজ’ ব্যবহার করেছেন। এখানে তিনি মহাবিশ্ব, রাষ্ট্র, সমাজ ও নিজের আত্মাকে জাহাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, যা ভেঙে পড়ে এবং স্থির। এটি তার দ্বিতীয় একক প্রদর্শনী।
প্রদর্শনীটি চলবে ১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। সোম থেকে শনিবার বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।










