মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে হামলাকারীর হিটলিস্টে ছিলেন বিভিন্ন ক্ষেত্রের একঝাঁক ব্যক্তিত্ব। আদালতের শুনানিতে বলা হয়, সেই তালিকায় ছিলেন অস্কারজয়ী হলিউড তারকা টম হ্যাঙ্কস। খবর বিবিসি।

অভিযুক্ত ডেভিড ডিপেপের সাক্ষাত্কার নিয়েছিলেন এক পুলিশ কর্মকর্তা। তিনি শুনানিতে জানান, হিটলিস্টে ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউজম।

গত ২৮ অক্টোবর ন্যান্সির ওপর হামলার উদ্দেশ্যে তার বাড়িতে ঢোকেন ডেভিভ। পরে স্পিকারকে না পেয়ে তার স্বামীর ওপর চড়াও হন। এ ঘটনায় হামলাকারীর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ ছয়টি অভিযোগ আনা হয়েছে। তবে সব অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি।

গতকাল বুধবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রায় চার ঘণ্টার শুনানির শেষে সান ফ্রান্সিসকোর উচ্চ আদালতের বিচারক স্টিফেন মারফি বলেন, বিচার এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে।

এদিন আইনজীবীরা বলেন, ন্যান্সি পেলোসিকে জিম্মি করার পরিকল্পনা করেছিল আসামি। কিন্তু ওই সময় তিনি ওয়াশিংটন ডিসিতে ছিলেন।