এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। ক্যারিয়ারের প্রতিটি ধাপকেই যেন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়েছেন এ অভিনেত্রী।

২০০৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘নষ্টনীড়’ অবলম্বনে গৌতম হালদারের ‘ভালো থেকো’র মাধ্যমে রুপালি পর্দায় যাত্রা শুরু বিদ্যা বালানের। সিনেমাটি কেবল তার প্রথম চলচ্চিত্রই নয়; বরং অভিনয় জগতের প্রতি তার গভীর অনুরাগ ও দায়বদ্ধতার স্বাক্ষরও বহন করে। বাংলার সিনেমাপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেও, জাতীয় পর্যায়ে তখনও তার প্রতিভার আলো ছড়ায়নি।

২০০৫ সালে পূজা বত্রী পরিচালিত ‘পরিণীতা’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন বিদ্যা। ললিতা চরিত্রে তার মর্মস্পর্শী অভিনয় শুধু সমালোচকদেরই নয়, সাধারণ দর্শকদেরও সমানভাবে মুগ্ধ করেছিল। এমনকি তাকে একেবারে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে তুলে আনে সিনেমাটি।

এবার বলিউডের সীমানা পেরিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে বিদ্যা বালানের। ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্রমশ জোরালো হচ্ছে এ গুঞ্জন।

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্র মতে, তামিল সিনেমা ‘জেলার ২’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বিদ্যাকে। মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন বিদ্যা, যেখানে খলনায়কের ভূমিকায় থাকবেন স্বয়ং মিঠুন। নেলসন দিলীপ কুমারের পরিচালনায় এ সিনেমায় রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। যদিও তার বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

বিদ্যা বালান কেরালার মেয়ে হয়েও এতদিন দক্ষিণ ভারতীয় সিনেমায় নিয়মিত অভিনয় না করাটাই ছিল বিস্ময়ের বিষয়। ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করলেও ‘জেলার ২’ দিয়েই মূলত দক্ষিণী বিনোদন জগতে পূর্ণাঙ্গ অভিষেক ঘটতে চলেছে তার। বর্তমানে চেন্নাইতে চলছে সিনেমার শুটিং, যার পরবর্তী অংশের চিত্রায়ন হবে গোয়ায়। আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।

সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানাতে গিয়ে সিনেমার টিম শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা তুমুল ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় অ্যাকশন দৃশ্যের কিছু মুহূর্ত, যা দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন বড় পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। বিদ্যা বালানের এ দক্ষিণ যাত্রা কেরালার মেয়ের নিজের মাটির সিনেমায় ফেরার মতোই।