ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়িকা মন্দিরা চক্রবর্তী। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি। রূপালী পর্দায় তার যাত্রা শুরু হয় ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে, যেখানে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার প্রমাণ রাখেন তিনি। এরপর সুপারস্টার আরিফিন শুভর সঙ্গে ‘নীলচক্র’ সিনেমায় দেখা যায় তাকে, যা তার অভিনয় ক্যারিয়ারে আরও জনপ্রিয়তা এনে দেয়।

এবারও সুখবর দিলেন এই অভিনেত্রী। জানালেন, আগামী ঈদে বড় পর্দায় আবারও হাজির হবেন তিনি। অর্থাৎ উৎসবের আমেজে দর্শকদের জন্য থাকছে তার নতুন সিনেমার চমক।

সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক বিশেষ ইভেন্টে অংশ নেন মন্দিরা। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি নিজের আসন্ন কাজের কিছুটা আভাস দেন। তবে কবে, কোথায়, এবং কোন নায়কের সঙ্গে তাকে দেখা যাবে—সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি তিনি।

মন্দিরা বলেন, ‘এই মুহূর্তে ওইভাবে কিছু বলতে পারছি না খুলে। তবে এতোটুকু বলতে পারি—এ বছর সিনেমা নিয়ে কাজের চাপ অনেক বেশি। পরের বছর কোন ঈদে, তা এখনই বলতে পারছি না, তবে ঈদে আবার আমার সিনেমা আসছে। দুই-তিনটা নতুন কাজ নিয়ে আমি এখন খুব ব্যস্ত।

আমি চাই পরিচালক ও প্রযোজকের মুখ থেকেই ঘোষণাটা আসুক—সেটাই ভালো।’

অভিনেত্রীর এই বক্তব্যে বোঝা যাচ্ছে, সামনে তার একাধিক সিনেমার কাজ রয়েছে, যেগুলো ধীরে ধীরে দর্শকদের সামনে হাজির হবে।