অভিষেক পাঠক পরিচালিত ‘দৃশ্যম টু’ জ্বরে কাঁপছে
বলিউড। এবারও বিজয় সালগাওকার চরিত্রে দর্শকের সামনে হাজির অজয় দেবগন। দুই সপ্তাহে ২০০
কোটি রুপির মতো আয় করে এরই মধ্যে সিনেমাটি চমকে দিয়েছে হল মালিক ও চলচ্চিত্রবোদ্ধাদের।
২০১৩ সালের ডিসেম্বরে মুক্তি পায় জিতু যোসেফ
পরিচালিত ও মোহনলাল অভিনীত মলয়ালাম ছবি ‘দৃশ্যম’। ঠিক দুই বছরের মাথায় রিমেক করেন পরিচালক
নিশিকান্ত কামাত।
২০২০ সালে মোহনলালের দৃশ্যমের সিক্যুয়েল বের
হবার পর গুঞ্জন ওঠেছিল বলিউডের রিমেক নিয়ে। সেই গুঞ্জনই ঠিক হলো। ছবিটি এখন বক্স অফিস
কাঁপাচ্ছে।
তবে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির হিন্দি রিমেকের
কথা বেশি বেশি শোনা গেলেও অনেকেই জানেন না, ২০১৩ সালের মূল সিনেমাটি শুধু বলিউডে নয়,
আরো সাতটি ভাষায় রিমেক হয়েছে।
২০১৪ সালেই কন্নড় ভাষায় ‘দৃশ্য’ নামে রিমেক
করা হয়। অভিনয়ে ছিলেন ভি রবিচন্দ্রন, নব্য নাইর ও আশা সারথ। পরিচালক ছিলেন পি বসু।
একই বছরেরই শেষ দিকে তেলেগু ভাষায় ‘দ্রুশ্যম’ নামে রিমেক হয়। অভিনয়ে থাকেন ভেঙ্কটেশ,
মিনা ও নাদিয়া। পরিচালক ছিলেন শ্রীপ্রিয়া।
তামিল ভাষায় ‘পাপানাসাম’ নামে রিমেক হয় ২০১৫ সালে। প্রধান চরিত্রে কমল হাসান, গৌতমী ও আশা সারথ। পেছনে ছিলেন মূল সিনেমার নির্মাতা জিতু যোসেফ নিজেই। পাপানাসাম মুক্তির মাসেই বলিউডে মুক্তি পায় দৃশ্যম। সেখানে দেখা যায় অজয় দেবগন, শ্রিয়া সরন ও টাবুকে। পরিচালক ছিলেন নিশিকান্ত কামাত।
মূল ‘দৃশ্যম’ সিনেমার দৃশ্য
দেশের গণ্ডি পেরিয়ে ২০১৭ সালে দৃশ্যম পা রাখে
শ্রীলঙ্কার মাটিতে। পরিচালক চেয়ার রাভি রিমেক করেন ‘ধর্মযুদ্ধ’ নামে। সেখানে অভিনয়
করেন জ্যাকসন অ্যান্থনি, দিলহানি একনায়ক ও কুসুম রেনু। এখানেই শেষ নয়। ২০১৯ সালে প্রথম
ভারতীয় চলচ্চিত্র হিসেবে রিমেক হয় চীনে। পরিচালক স্যাম কুয়াহ মান্দারিন ভাষায় নির্মাণ
করেন ‘উ শা’ নামে। প্রধান চরিত্রে ছিলেন শিয়াও ইয়াং এবং তান চুও।
রিমেক হওয়া সিনেমাগুলোর মধ্যে অন্তত ছয়টি
ব্যাপক বাণিজ্যিক সফলতা লাভ করে। সম্প্রতি ইন্দোনেশিয়ান ভাষায় রিমেকেরও ঘোষণা এসেছে।
চতুর্থ সিনেমা হিসেবে দৃশ্যম সাতটি ভাষায়
রিমেক হচ্ছে। যদিও তিনটি বিদেশি ভাষায় রিমেক হওয়া সিনেমা হিসেবে দৃশ্যমের অবস্থান দ্বিতীয়।
প্রথম সিনেমার স্থানটি ১৯৭৫ সালে যশ চোপড়া নির্মিত ‘দিওয়ার’-এর দখলে। এ সিনেমায় অভিনয়
করেন অমিতাভ বচ্চন, শশী কাপুর ও নিরুপা রায়। জাভেদ আখতার ও সেলিম খানের লেখা চিত্রনাট্যে
নির্মিত সেই সিনেমা তেলেগু, তামিল, মলয়ালাম, ফার্সি, তুর্কি ভাষায় রিমেক হয়। রিমেক
করা হয় হংকং থেকেও। তাছাড়া অনুপ্রেরণা হয়ে থেকেছে অনেক পরিচালকের জন্যও।
এ দিকে ‘দৃশ্যম থ্রি’র ঘোষণা এসেছে সম্প্রতি।
নির্মাতারা বলছেন, সেই ছবির মূল ও হিন্দি সংস্করণ একই সময়ে মুক্তি পাবে।










