হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি মানেই একের পর এক চমক। কখনো পর্দার চরিত্রে, কখনো ব্যক্তিগত জীবনে, আবার কখনো অনন্য ফ্যাশন সেন্সে। এবারও তিনি দেখালেন ভিন্নতা। বহু বছরের সিগনেচার লুক—লম্বা কালো চুল সরিয়ে নতুনভাবে হাজির হলেন সোনালি রঙের ছোট বব হেয়ারস্টাইলে।
সম্প্রতি লন্ডনে ‘অ্যাংকশাস পিপল’ সিনেমার শুটিং সেটে এভাবেই দেখা যায় তাঁকে। প্রায় তিন দশকের ক্যারিয়ারে এত ছোট চুলে তাকে এই প্রথম দেখা গেল। সাদা র্যাপ টপ, ফ্লোই ক্যাপ্রি প্যান্ট, হালকা লাল লিপস্টিক আর সোনালি ব্রোচে সাজানো জোলিকে দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ।
শুধু চরিত্রের প্রয়োজনে নয়, ফ্যাশন দুনিয়াতেও এটি এক নতুন সংযোজন—এমনটাই মনে করেন অনেকে। ভক্তদের ভাষায়, ‘প্রতিবার নতুন লুকেই জোলি ফ্যাশনের ধারা তৈরি করেন।’
শুটিংয়ে তার সঙ্গে ছিলেন বড় ছেলে ম্যাডক্স জোলি-পিট। মা-ছেলের এই মুহূর্তও আলাদা করে আলোচনায় এসেছে।
‘অ্যাংকশাস পিপল’ সিনেমাটি পরিচালনা করছেন মার্ক ফস্টার, আর চিত্রনাট্য লিখেছেন ডেভিড মেজে। এতে জোলির পাশাপাশি আছেন জেসন সিগেল ও আইমি লু উড। ফ্রেডরিক ব্যাকম্যানের বহুল জনপ্রিয় উপন্যাস অবলম্বনে তৈরি এই সিনেমা মুক্তি পাবে ২০২৬ সালে।
কাহিনিতে দেখা যাবে—বড়দিনের আগের দিন এক ব্যর্থ ব্যাংক ডাকাতির ঘটনাকে ঘিরে কয়েকজন অচেনা মানুষ জড়িয়ে পড়েন বিশৃঙ্খলার মধ্যে। ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে নানা গোপন রহস্য, আর গল্প শেষ হয় বন্ধুত্ব, ক্ষমা আর আশার শক্তিকে কেন্দ্র করে।









