ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। গত কয়েক মাসে একের পর এক নাটক ও সিরিজে ব্যস্ত সময় পার করেছেন তিনি। বিশেষ করে আরশ খানের সঙ্গে জুটি বেঁধে তার কাজগুলো বেশ আলোচনায় রয়েছে। এ জুটির রয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক। তাদের জুটি হিসেবে দেখা গেছে ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’, ‘কাপল’, ‘৭ দিনের প্রেম’, ‘প্রজাপতি মন’, ‘পাগল প্রেম’, ‘আতকা’, ‘সিম্প্যাথি’, ‘হৃদয়ে ফাগুন’, ‘আমি তুমি, তুমি আমি’, ‘শ্যাওলা ফুল’, ‘ফিরে আসা ভালোবাসা’সহ বেশকিছু নাটকে। এসব কাজ দর্শকের মনোযোগ কেড়েছে।
এ ধারাবাহিকতায় নির্মাতা মোহন আহমেদ পর্দায় নিয়ে এসেছেন নতুন গল্প ‘পরমা সুন্দরী’। সম্প্রতি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে। এর কাহিনী লিখেছেন ইশতিয়াক আহমেদ। মোহন আহমেদের পরিচালনায় সুনেরাহর বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। এ জুটির পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, ইমেল হক, আয়েশা সিদ্দিকা, এসএইচ মামুন, মুন্না খান, রেজাউল ইসলাম বিয়াজ, জাবেদ গাজী প্রমুখ।
অভিনেতা আরশ খান জানিয়েছেন, দর্শকের ভালো লাগা ও মন্দ লাগার বিষয় মাথায় রেখেই ‘পরমা সুন্দরী’ নির্মাণ করা হয়েছে। তার মতে, সমকালীন জীবনধারাকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে, ফলে চরিত্রগুলোর মধ্যে চেনা মানুষের ছায়া খুঁজে পাওয়া যায়। কাহিনীর ঘটনাগুলোও দর্শকের কাছে অচেনা বা অবাস্তব মনে হবে না বলে তিনি আশা প্রকাশ করেন। তার বিশ্বাস, সব মিলিয়ে নাটকটি দর্শকের মনে ছাপ ফেলবে।
আরশ খানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে সুনেরাহ বিনতে কামাল জানান, এর আগে মোহন আহমেদের ‘এক জীবনে’ নাটকে কাজ করে ভালো সাড়া পেয়েছিলেন। তার মতে, গল্প উপস্থাপনায় এ নির্মাতার নিজস্ব একটি ধরন আছে, যা সহজেই দর্শকের মনে দাগ কাটে। সে কারণেই ‘পরমা সুন্দরী’ও দর্শকের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।










