কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম
আসর শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর। এবার অমিতাভ বচ্চনকে সম্মান জানাতে থাকছে বিশেষ
আয়োজন। উদ্বোধনী ছবি হিসেবে থাকছে অমিতাভ ও জয়া বচ্চন দম্পতি অভিনীত হৃষিকেশ মুখার্জি
পরিচালিত ‘অভিমান’। খবর হিন্দুস্তান টাইমস।
অনেক বছর ধরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র
উৎসব মানেই যেন বিগ বির উপস্থিতি। তবে মহামারীর কারণে গত দুই বছর আসতে পারেননি। এবার
হাজির হচ্ছেন জয়া বচ্চনকে নিয়ে।
অমিতাভকে নিয়ে বিশেষ প্রদর্শনী হবে নজরুল
তীর্থ গগনেন্দ্র প্রদর্শনশালায়। ‘অভিমান’ ছাড়াও বলিউড সুপারস্টারের রেট্রোস্পেকটিভে
মোট নয়টি ছবি দেখানো হবে।
উৎসব চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এর আগে ১৫
ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেখান আলো ছড়াবেন
বলিউডের তারকারা। অমিতাভ-জয়া ছাড়াও থাকবেন শাহরুখ খান, রানী মুখার্জি, অরিজিৎ সিং,
কুমার শানু, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা প্রমুখ।
উৎসবের জন্য ৫৭টি দেশের ১০৭৮টি ছবি জমা পড়েছিল।
তার মধ্যে থেকে ৪২টি দেশের ১৮৩টি সিনেমা দেখানো হবে। সব মিলিয়ে ১৪ বিভাগে ২৩১টি ছবি
দেখানো হবে।
বাংলাদেশ থেকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র
উৎসবে যোগ দিচ্ছে তিন সিনেমা- মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’, মেজবাউর
রহমান সুমনের ‘হাওয়া’ ও ফাখরুল আরেফিন খানের ‘জেকে ১৯৭১’।










