একের পর এক ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করছেন টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ ও ‘গৃহপ্রবেশ’ সিনেমায় তার অভিনয় দক্ষতা নতুন করে আলোচনায় নিয়ে এসেছে তাকে।
এরই মধ্যে শোনা যাচ্ছে, কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমায় একদম অন্য রূপে হাজির হতে চলেছেন শুভশ্রী। প্রথমবারের মতো তাকে দেখা যাবে নেগেটিভ বা খল চরিত্রে। মঙ্গলবার নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে শুভশ্রী লেখেন, 'হাসতে হাসতে খুন করে দেব।' কৌশিক গাঙ্গুলিও একই ছবি নিজের ওয়ালে পোস্ট করেছেন। সেখান থেকেই শুরু নতুন সিনেমা নিয়ে গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, কৌশিক গাঙ্গুলির নতুন থ্রিলার সিনেমায় থাকছেন শুভশ্রী, রুদ্রনীল ঘোষ ও কৌশিক সেন। কৌশিক গাঙ্গুলি নিজেও থাকবেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। পূজার পর বা বছরের শেষ নাগাদ শুরু হতে পারে সিনেমার শুটিং। লোকেশন হিসেবে ঝাড়খণ্ড ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বেছে নেয়ার পরিকল্পনাও রয়েছে। যদিও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে দর্শকদের জন্য বড় চমক অপেক্ষা করছে বলে জানা গেছে।
টলিউডে শুভশ্রীর ক্যারিয়ার এখন যেন সোনালি অধ্যায়ে। একদিকে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’, অন্যদিকে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’—দুটি পিরিয়ড ড্রামায় তাকে দেখা যাবে শক্তিশালী চরিত্রে। এর বাইরে সম্প্রতি মুক্তি পাওয়া ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’-তে তার অভিনয় সমালোচক ও দর্শক, সবার কাছেই প্রশংসিত হয়েছে।
সব মিলিয়ে বলা যায়, শুভশ্রী গাঙ্গুলি এখন টলিউডের ‘লম্বা রেসের ঘোড়া’, যিনি প্রতিটি নতুন সিনেমায় নিজেকে নতুন করে মেলে ধরছেন।









