সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো কোনো পডকাস্টে হাজির হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।
সম্প্রতি তিনি অংশ নিয়েছেন সিমরা খান-এর ‘দ্য সিমরা খান পডকাস্ট’-এ। এরই মধ্যে পর্বটি ইউটিউবে প্রকাশ পেয়েছে। দর্শকদের মাঝেও তৈরি হয়েছে আগ্রহ। অনেকেই আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি উপভোগ করছেন।
কেন প্রথমবার এ পডকাস্টে এলেন—এমন প্রশ্নের জবাবে পূর্ণিমা বলেন, ‘এরই মধ্যে এ সময়ের বেশকিছু পডকাস্ট আমার চোখে পড়েছে। আমাকে যখন সিমরা খান প্রস্তাব দিয়েছিলেন তার পডকাস্টে অতিথি হওয়ার জন্য, আমি একটু সময় নিয়েছিলাম। তার চ্যানেলের কয়েকটি পডকাস্ট দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। কারণ তার এখানে আলোচনার বিষয়বস্তুই আলাদা এবং অতিথিকে যথেষ্ট শ্রদ্ধা, সম্মান দিয়ে তিনি কথা বলেন। যে কারণে তার অতিথি হিসেবে তারই পডকাস্টে অংশ নিই। প্রচারের পরেও দেখেছি বিহাইন্ড দ্য ক্যামেরায় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। ধন্যবাদ সিমরা খানকে।’
পডকাস্টটি নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন সিমরা খানও। তিনি বলেন, ‘আমার পডকাস্টে সাধারণত অভিভাবকত্ব বা শিশু প্রতিপালন, মেন্টাল হেলথ, রিলেশনশিপসহ আরো এমন কিছু বিষয় নিয়ে কথা বলি, যা দেখে বা শুনে মানুষ যেন কিছু শিখতে পারেন। যেকোনো পেশার সফল বা আলোকিত ব্যক্তিত্ব এ আয়োজনে অংশগ্রহণ করেন। কোনো রকম গসিপ বা শুধুই বিনোদিত করার জন্য এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না।’
তিনি আরো বলেন, ‘আমার একটাই কথা, যেন আমার পডকাস্টে আগত প্রত্যেক অতিথির কাছ থেকে দর্শক কিছু না কিছু শিখতে পারেন, এটাই আমার লক্ষ্য থাকে। পূর্ণিমা আপুর প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ যে তিনি আমার ওপর আস্থা রেখেছেন এবং আমার পডকাস্টে তিনি তার ব্যক্তিগত জীবনসহ নানান বিষয়ে শিক্ষামূলক কথা বলেছেন। আমি সত্যিই মুগ্ধ।’
প্রথমবার পডকাস্টে এসে পূর্ণিমা শুধু নিজের অভিজ্ঞতাই ভাগ করে নেননি, দিয়েছেন অনুপ্রেরণার বার্তাও। আর সিমরা খানের আয়োজনে সেই কথোপকথন হয়ে উঠেছে অর্থবহ ও শিক্ষণীয়। ভবিষ্যতেও এমন ভিন্নধর্মী কনটেন্ট দর্শকদের কাছে আরো গ্রহণযোগ্য হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।









