কে হতে পারে পরবর্তী জেমস বন্ড? এ নিয়ে অনেক দিন ধরে নানান জল্পনা-কল্পনা রয়েছে। তবে এক সময় এ চরিত্রে পর্দা কাঁপানো পিয়ার্স ব্রসনান মনে করেন, পরবর্তী জেমস বন্ডকে অবশ্যই ব্রিটিশ হতে হবে। সম্প্রতি সিনেমা জগতের দীর্ঘস্থায়ী এ ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রণ নিয়েছে অ্যামাজন এমজিএম স্টুডিও। বিষয়টি নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটা বলেন ব্রসনান।
দ্য টেলিগ্রাফ পত্রিকাকে এ অভিনেতা বলেন, এটি ‘একটি নিশ্চিত ব্যাপার’ যে একজন ব্রিটিশ অভিনেতা ০০৭ এর ভার গ্রহণ করবে।
জনপ্রিয় এ সিরিজে এখনো কোনো মার্কিন অভিনেতা মূল চরিত্রে অভিনয় করেননি। কয়েক দশকের ইতিহাসে জেমস বন্ড চরিত্রে ব্রিটিশ নন এমন দুই অভিনেতাকে দেখা গেছে শুধু। তারা হলেন আইরিশ পিয়ার্স ব্রসনান ও অস্ট্রেলিয়ান জর্জ ল্যাজেনবি।
অ্যামাজন এমজিএমের ফ্র্যাঞ্চাইজিটির সৃজনশীল নিয়ন্ত্রণের খবরে কিছুটা মন খারাপ হয়েছিল বলে জানান পিয়ার্স ব্রসনান। তবে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন তিনি।
সাম্প্রতিক চুক্তিতে অ্যামাজন এমজিএম ফ্র্যাঞ্চাইজির সম্পূর্ণ সৃজনশীল নিয়ন্ত্রণ অর্জন করেছে। তবে দীর্ঘকালীন জেমস বন্ড প্রযোজক মাইকেল জি উইলসন ও বারবারা ব্রকলি এখনো মালিকানার অংশীদার হিসেবে রয়েছেন।
কেউ কেউ এ চুক্তিকে নেতিবাচক অর্থে নিলেও ব্রসনানের মতে, এটি ‘বারবারা ও মাইকেলের জন্য সঠিক সিদ্ধান্ত’ ছিল। তিনি বলেন, ছেড়ে দেয়ার জন্য খুব সাহস লাগে। তারা এখনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিছুটা মতামত রাখতে পারবেন। আমি আশা করি অ্যামাজন এ কাজ এবং জেমস বন্ডকে সম্মান ও সৃজনশীলতা দিয়ে পরিচালনা করবে।
ব্রসনান ১৯৯৫ সালে ‘গোল্ডেন আই’ ছবিতে বন্ড চরিত্রে প্রথম অভিনয় করেন। এরপর আরো তিনটি ছবিতে তাকে একই ভূমিকায় দেখা গেছে। ২০০২ সালে শেষবার ‘ডাই অ্যানাদার ডে’ সিনেমায় আইকনিক এ চরিত্রের জুতোয় পা গলান তিনি।










