মাতৃত্ব একটি আশীর্বাদ। কিন্তু পর্দায় মায়ের চরিত্রের নানা দিক ফুটিয়ে তোলা চ্যালেঞ্জের ব্যাপার। সম্প্রতি মুক্তি পেয়েছে রানী মুখার্জী অভিনীত ‘মিসেস চ্যাটার্জী ভার্সাস নরওয়ে’ সিনেমার লুক। এ সিনেমায় রানী মুখার্জী মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। তার সন্তানদের কাস্টডি পাওয়ার জন্য তিনি নরওয়ে পুলিশের শরণাপন্ন হন। সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। মানুষের জীবনে মায়ের ভূমিকা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে এ সিনেমা। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে এটি। পর্দায় মাতৃত্বের এক নতুন দিগন্তকে কীভাবে উপস্থাপন করেছেন রানী মুখার্জি, তা জানতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে বলিউডে মায়ের চরিত্রে সেরা পাঁচ অভিনয়ের একটি তালিকা প্রকাশ করেছে আউটলুক ইন্ডিয়া।

নিরূপা রায় (দিওয়ার):

ভারতীয় সিনেমা দিওয়ার মুক্তি পেয়েছিল ১৯৭৫ সালে। যশ চোপড়া পরিচালিত এ সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন নিরূপা রায়। পর্দায় মায়ের ভূমিকায় এক অনন্য মাত্রা যুক্ত করেছিলেন তিনি। এ সিনেমায়ও তার ব্যত্যয় ঘটেনি। এতে তার চরিত্রের নাম সুমিত্রা। সব সামাজিক বেড়াজালকে অস্বীকার করে তিনি যেভাবে তার সন্তানের জন্য নিজের ভালোবাসাকে চিত্রায়িত করেছেন, তা এক কথায় অবিস্মরণীয়। এ সিনেমায় মাকে কেন্দ্র করে অমিতাভ বচ্চনকে উদ্দেশ্য করে বলা শশী কাপুরের ‘মেরে পাস মা হ্যায়’ সংলাপটির কথা এখনো দর্শকদের মুখে ফেরে।

নার্গিস দত্ত (মাদার ইন্ডিয়া):

১৯৫৭ সালে মুক্তি পায় ‘মাদার ইন্ডিয়া’। নার্গিস তখনো নায়িকা। কিন্তু এ সিনেমায় মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমায় তার চরিত্রের নাম রাধা। তার পুত্র বিরজুর নাম ধরে চিৎকার করার দৃশ্যটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম আইকনিক দৃশ্য। ভারতীয় সিনেমার ইতিহাসে মাদার ইন্ডিয়া একটি মাইলফলক। মাটির কাছের মানুষের কথা যেন বলে এ সিনেমা। সেখানে নার্গিস দত্তের অভিনয় নতুন করে চিনিয়েছিল ভারতীয় মায়েদের। কিংবা বলা জলে মায়ের স্পিরিট ধরেছিল এ সিনেমা।

রম্যা কৃষ্ণন (বাহুবলী): ‘‌বাহুবলী’ সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর কথা মনে আছে? এ চরিত্রে রম্যা কৃষ্ণনের অভিনয় আঞ্চলিক সীমানার গণ্ডি পেরিয়ে ভারতজুড়ে ব্যাপক প্রশংসা অর্জন করে। বাহুবলীর রাজমাতা কেবল একজন মা নন, তিনি রাজনীতির প্রধান। কিন্তু সে রাজনীতির বাইরে নিজেকে নিয়ে এসে পরিণত হন সত্যিকার মা হিসেবে। রাজমাতার এ চরিত্রের মাধ্যমে রম্যা যেন এ শতকে এসেও আবহমানকালের ভারতীয় মাকে ফিরিয়ে আনলেন।

কারিশমা কাপুর (শক্তি: দ্য পাওয়ার): ২০০২ সালে মুক্তি পায় ‘শক্তি: দ্য পাওয়ার’। এ সিনেমায় কারিশমা কাপুর মায়ের চরিত্রে অভিনয় করেন। তার চরিত্রের নাম নন্দিনী। সিনেমায় তার সন্তানকে সব খারাপ দিক থেকে আগলে রেখে তিনি বলিউডে বীরত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সিনেমায় কারিশমা কাপুরের অভিনয় আলাদা প্রশংসার দাবিদার।

শ্রীদেবী (মম): ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মম’ সিনেমায় দেবকী সবরওয়াল চরিত্রে অভিনয় করেন শ্রীদেবী। এ সিনেমায় তিনি একজন মা হিসেবে তার যৌন হয়রানির শিকার হওয়া মেয়ের জন্য প্রতিশোধ নিয়ে দর্শক হৃদয় জয় করে নেন।  

সূত্র: আউটলুক ইন্ডিয়া