মুক্তিযুদ্ধের সেই সময়ে লেখা ‘জয় বাংলা বাংলার জয়’
গানটি এখনো রক্তে যে আগুন জ্বালিয়ে দেয় অথবা ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’
যে প্রিয় গ্রামটির কথা মনে করিয়ে দেয় সেটা গাজী মাজহারুল আনোয়ারের কলমেরই জাদু। তার মাথা থেকেই কলমে এসেছে গানের খাতায় স্বরলিপি হয়ে, একতারা তুই দেশের কথা বলরে এবার বল, এই মন তোমাকে দিলাম, আকাশের হাতে আছে একরাশ নীল—এমন সব জনপ্রিয় গানের কথাও। এসব গানের মধ্য দিয়েই সবার মনে স্থায়ী আসন গেড়ে বসেছেন গীতিকার, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার।
সময় পেরিয়েছে অনেক কিন্তু গানগুলো থেকে গিয়েছে জনগণের মনে। জয় বাংলা যেমন হারিয়ে যায়নি, তেমনই একতারাও এখনো সুর শুনিয়ে যাচ্ছে। জনপ্রিয় অনেক চলচ্চিত্রের গান ও কালজয়ী দেশাত্মবোধক গানের রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন এ গীতিকার। ১৯৬৪ সাল থেকে তত্কালীন রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন তিনি। ১৯৬৫ সালে যুক্ত হন চলচ্চিত্রে। বছরের পর বছর ধরে লিখে চলা গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রেম, বিরহ, প্রকৃতি, জীবনবোধ ও অনুভূতির কথা। তার রচিত গানের সংখ্যা ২০ হাজারেরও বেশি। আর সিনেমা পরিচালনা করেছেন ৪১টি।
বিভিন্ন সময়ে গাজী মাজহারুল আনোয়ারের স্মৃতিচারণে উঠে এসেছে গানগুলোর ইতিহাস। ভাষাচিত্র থেকে ২০২১ সালে প্রকাশিত ‘অল্প কথার গল্প গান’
বইতে তিনি তুলে এনেছেন তার লেখা অসাধারণ সব গানের পেছনের গল্প।
জয় বাংলার পেছনের গল্প শোনাতে গিয়ে তিনি জানান, স্বাধীনতার আন্দোলন যখন তুঙ্গে, সারা দেশ যখন অগ্নস্ফুিলিঙ্গের মতো জ্বলে উঠছিল, তখনই ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ঘোষণা দিলেন—এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, জয় বাংলা। বঙ্গবন্ধুর এ ঘোষণার পরে চারদিক থেকেই আন্দোলনের শ্লোগান আসছিল এবং আন্দোলন আরো তীব্রতর হচ্ছিল। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে সর্বস্তরের মানুষের কাছে গানে গানে কীভাবে পৌঁছে দেয়া যায় তা নিয়ে গভীরভাবে ভাবতে থাকলাম। কিছু সময় পর উপলব্ধি করলাম, বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক গানের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ...এরপর
রাজধানীর ফার্মগেটের একটি স্টুডিওতে বসে আমি তত্ক্ষণাৎ গানটি লিখে ফেলি। গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে খবর দেয়ার পর তাত্ক্ষণিক সুর করার জন্য প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজ সেখানে এলেন। সঙ্গে এলেন শহীদ আলতাফ মাহমুদ, সুরকার আলাউদ্দিন আলী, কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ, আব্দুল জব্বারসহ বেশ কয়েকজন। সেদিনই স্টুডিওতে গানটি রেকর্ড করা হলো। এরপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসেবে গানটি বিভিন্নভাবে প্রচার করা হয় এবং পরবর্তী সময়ে গানটি অনেকভাবে রেকর্ড ও ব্যবহার করা হয়। বিংশ শতাব্দীতে এসে গানটি বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় স্থান পায়।
এমন অনেক গল্প লুকিয়ে রয়েছে তার লেখা গানগুলোর পেছনে। বঙ্গবন্ধুর শ্লোগানকে ঘিরে যিনি এমন কালজয়ী একটি গান লিখে ফেলেছেন। বঙ্গবন্ধুকে নিয়ে তার স্মৃতিও নেহাত কম ছিল না। ২০১৯ সালে বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাত্কারে এ গীতিকার জানিয়েছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে তার ভাবনা। সে সময়ে তিনি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন আপাদমস্তক সংস্কৃতিবান্ধব একজন মানুষ। চলচ্চিত্রে তার অবদানের কথা এলে অনেক প্রসারতা নিয়েই হাজির হয়। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র বলে বিবেচিত এফডিসি তার হাত ধরেই যাত্রা করে। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তার নানা উদ্যোগের কারণে এ দেশের চলচ্চিত্র মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছিল। বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে সে সময় এ দেশের চলচ্চিত্র যে সুনাম অর্জন করেছিল, তাতে বঙ্গবন্ধুর অবদান অশেষ।’
বঙ্গবন্ধুর কাছ থেকেও প্রেরণা পেয়েছেন জানিয়ে তিনি বলেছিলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল তার কাছে যাওয়ার ও কথা বলার। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের সময় তার আরো কাছে যাওয়ার সুযোগ হয়েছিল। আমাকে তিনি আদর করতেন, ভালোবাসতেন। যখন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...ঠিক
তখন আমার হাত দিয়ে বেরিয়ে এসেছিল জয় বাংলা বাংলার জয়ের মতো গান। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আমরা এ রকম আরো অজস্র গান করেছি। আসলে একটি জিনিস সৃষ্টি করলে যারা অভিনন্দিত করে, তাদের কারণেই সৃষ্টিটা আরো সুন্দর হয়। বঙ্গবন্ধুও নবতর সৃষ্টিকে প্রেরণা দিয়ে গেছেন আমৃত্যু।’
ভবিষ্যৎ প্রজন্মের প্রসঙ্গে কথা বলতে গিয়ে গাজী মাজহারুল আনোয়ার আরেক সাক্ষাত্কারে বণিক বার্তাকে বলেছিলেন, ‘অতীতের সব ইতিহাসকে এ তরুণ প্রজন্ম ও সংগীতশিল্পীদের সামনে তুলে ধরতে হবে। যাদের কর্মে-ত্যাগে, অনুপ্রেরণা, উৎসাহে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের সম্পর্কে তরুণদের জানাতে হবে। আমরা যারা প্রবীণ, তাদেরই এ কাজ করতে হবে। এ দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করি, তাহলে আমার মনে হয় তরুণদের আমরা অনুপ্রাণিত করতে পারব। তাদের মধ্যে দেশপ্রেমের আদর্শ তৈরি হবে। এ আদর্শবোধ থেকে তরুণ প্রজন্মের শিল্পীরা তাদের সুন্দর কণ্ঠ দিয়ে মানুষের জন্য গান করবে।’
গীতিকবিতায় বিশেষ অবদান রাখার জন্য এ গীতিকার ২০০২ সালে পান একুশে পদক। এরপর ২০২১ সালে পান স্বাধীনতা পদক। স্বাধীনতাযুদ্ধে বিশেষ অবদানের জন্য স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার ‘বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’
লাভ করেন তিনি। এছাড়া পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার বাচসাস পুরস্কার, বিজেএমই অ্যাওয়ার্ড, ডেইলি স্টার কর্তৃক লাইফ টাইম অ্যাওয়ার্ডসহ তার অর্জিত পুরস্কারের সংখ্যা ১১০। বিবিসি বাংলার তৈরি করা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছে গাজী মাজহারুল আনোয়ারের লেখা তিনটি গান। সেটাও এক বিরল সম্মাননার বিষয়।
গাজী মাজহারুল আনোয়ার মৃত্যুবরণ করেছেন। রোববার সকালে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ কালজয়ী গীতিকার। হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে তার মরদেহ সোমবার বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। দুুপুর সাড়ে বারোটায় নেয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বনানীতে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে সমাহিত করা হবে গাজী মাজহারুল আনোয়ারকে।
হয়তো আর কেউ শ্রোতাদের জন্য লিখবেন না ‘চিঠি দিও প্রতিদিন।’ হয়তো এভাবে আর ইতিহাস লেখা হবে না। কিন্তু তিনি থাকবেন শ্রোতার হূদয়ে।










