ঈদুল ফিতর উপলক্ষে এবার মুক্তি পেয়েছে আধ ডজনের বেশি সিনেমা। সিনেমাগুলো প্রদর্শিত হচ্ছে ঢাকার নামি সিনেপ্লেক্সে। এর মধ্যে এগিয়ে আছে বসুন্ধরা সিটি ও এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্স। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলেও চলছে সিনেমাগুলো। আছে শাকিব খান অভিনীত বরবাদ, মোশাররফ করিম অভিনীত চক্কর, সিয়াম আহমেদ অভিনীত জংলি, সজল-নুসরাত ফারিয়া অভিনীত জ্বীন থ্রি ও আফরান নিশো অভিনীত দাগি। মূলত এ সিনেমাগুলো নিয়েই দর্শকের আগ্রহ বেশি। এর মধ্যেই ঈদের ঠিক আগে ছাড়পত্র পেয়ে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত অন্তরাত্মা।

বাংলা মুভি রিভিউ এর তথ্যমতে, ঈদের দিন মাল্টিপ্লেক্স গুলোতে বাংলা সিনেমা গুলো প্রায় ৬০ লাখ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭ টি শো হাউজফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো। সবগুলো মিলিয়ে রেকর্ড আয় করলেও একক ভাবে কোন সিনেমা রেকর্ড করতে পারেনি।

প্রথমদিন বক্স অফিসে বরবাদের আয় ২৮ লাখ। বরবাদের (২৮ লাখ) ওয়ার্ড অফ মাউথ পজেটিভ হলেও দরদ (৩০ লাখ) ও তুফানের (২৯ লাখ) চেয়ে প্রথম দিনে কম কালেকশন করেছে। আজ সবগুলো সিনেমার শো সংখ্যা বাড়ছে, স্বভাবতই আয়ও বাড়বে।

তবে প্রযোজক কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনও এ বিষয়ে কিছু বলেননি। পাশাপাশি ঈদে টানা ৬ দিন ছুটি, সাম্প্রতিককালে কোন ঈদেই এত দীর্ঘ টানা ছুটি ছিল না। এই ৬ দিনের আয়ই ধারণা দিবে লং রানে কোন সিনেমা কত মাল্টিপ্লেক্স গ্রস দিবে।

তবে, গত কয়েক বছরের রোজার ঈদের সঙ্গে তুলনা করলে সিনেমাগুলো খুব ভালো ওপেনিং দিয়েছে। গত বছর রাজকুমার মাত্র ১২ লাখ টাকা ওপেনিং দিয়েছিল। যা ছাড়িয়ে গিয়েছে বরবাদ ও দাগি দুটো চলচ্চিত্রই।