এবারের আয়োজনে ভিন্নধর্মী একটি গান নিয়ে হাজির হচ্ছেন হাবিব ওয়াহিদ।

নিয়মিত ইত্যাদির তুলনায় ঈদের বিশেষ ইত্যাদির একটি বড় অংশজুড়েই থাকে বিভিন্ন ধরনের গান। তবে ঈদ ইত্যাদির গানগুলো যাতে বৈচিত্র্যময় ও চিত্তাকর্ষক হয়, সেজন্য বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ঈদ ইত্যাদির গানের শিল্পী-কথা-সুর ও নির্মাণ বৈচিত্র্য নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করেন। যে কারণে প্রতিটি ঈদ ইত্যাদির গানই দর্শকের কাছে প্রশংসিত হয়। সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপকভাবে ছড়িয়ে যায়। সে ধারাবাহিকতায় এবারের ঈদের ইত্যাদিতে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন এ সময়ের তরুণ প্রজন্মের কাছে প্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

উল্লেখ্য, গত ঈদের ইত্যাদিতে হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান দ্বৈত কণ্ঠে একটি গান গেয়েছিলেন, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়। এবারের ঈদে হাবিব যন্ত্রশিল্পীদের নিয়ে এককভাবে গেয়েছেন। হাবিবের এবারের গানটির কথা লিখেছেন নির্মাতা ও গীতিকার এসএ হক অলিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই।

ফাগুন অডিও ভিশন জানায়, গানটি দর্শকের ভালো লাগবে। বিশেষ করে তরুণ প্রজন্মের দর্শক গানটি লুফে নেবে। ঈদের বিশেষ ইত্যাদির বর্ণাঢ্য মঞ্চে হাবিব ও তার দলের পরিবেশনায়, দর্শকের অংশগ্রহণে গানটি বেশ উপভোগ্য হয়ে ওঠে। মঞ্চের সামনে উপস্থিত দর্শক যেভাবে গানটির সঙ্গে একাত্মতা প্রকাশ করে, একবার শুনেই শিল্পীর সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়েছে, তাতে আশা করা যায়, এবারের ইত্যাদির মাধ্যমে হাবিবের আরো একটি জনপ্রিয় গান পেতে যাচ্ছে দর্শক-শ্রোতা।

প্রতিবারের মতো এবারো ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।