রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসছে কবীর সুমনের গানের আসর। শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন সেখানে হচ্ছে না।

আজ শুক্রবার সকালে আয়োজকরা জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গান গাইবেন ভারতীয় এ শিল্পী।

কবীর সুমনের বিখ্যাত ‘তোমাকে চাই’ অ্যালবামের তিন দশক পূর্তিতে ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট।

তিন দিনের এ আয়োজন আধুনিক বাংলা গান ও খেয়াল দিয়ে সাজানো হয়েছে। পুরোনো সূচি অনুযায়ী, ১৫ ও ২১ অক্টোবর আধুনিক গান পরিবেশন করবেন সুমন। ১৮ অক্টোবর থাকছে আধুনিক বাংলা খেয়াল।

এ অনুষ্ঠানে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন কবীর সুমন।