অনুরাগ কাশ্যপের কাল্ট ক্লাসিক ‘গ্যাংস অব
ওয়াসিপুর’ সিনেমায় ছোট একটি চরিত্রে দেখা গিয়েছিল রাজকুমার রাওকে। তবে সম্প্রতি এ বলিউড
অভিনেতা জানিয়েছেন চিত্রনাট্য পরিবর্তন না হলে তাকেই প্রধান চরিত্রগুলোর একটিতে দেখা
যেত। খবর হিন্দুস্তান টাইমস।
গ্যাংস অব ওয়াসিপুরে রাজকুমার অভিনয় করেছেন
শামশাদ আলমের ভূমিকায়। সিনেমার পরিকল্পনার শুরুর দিকে এটি ছিল ছবির অন্যতম চরিত্র।
২০১২ সালে গ্যাংস অব ওয়াসিপুরের দুই পর্ব মুক্তি
পায়। প্রধান চরিত্রগুলোতে ছিলেন মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা,
হুমা কুরেশি ও পীযুষ মিশ্র। অন্যদিকে রাজকুমার, পঙ্কজ ত্রিপাঠি, জয়দীপ আহলাওয়াত, জামিল
খান, জিশান কাদরিকে দেখা গিয়েছে ছোট ছোট চরিত্রে।
কমেডিয়ান জাকির খানকে দেয়া এক সাক্ষাত্কারে
রাজকুমার বলেন, ‘লাভ সেক্স অউর ধোকা’ সিনেমাটি দেখার পর অনুরাগ স্যার আমাকে ডেকেছিলেন।
তার সঙ্গে যখন দেখা করি তখন কেবল গল্পটা ছিল, চিত্রনাট্য তৈরি হয়নি। তখন তিনি যে গল্পটা
শুনিয়েছিলেন তাতে ছিল ফয়জল খান (নওয়াজ) বনাম শামশাদ আলম (রাজকুমার)।
৩-৪ মাসে চিত্রনাট্য লেখা শেষ হলে অনুরাগ
রাজকুমারকে ডেকে পাঠান। এবার জানালেন, রাজকুমারের চরিত্রটি অনেক ছোট হয়ে গেছে। একইসঙ্গে
জানতে চাইলেন, তিনি কাজটি করবেন কিনা। অভিনেতা বলেছিলেন, কোনো অসুবিধা নেই, আপনার সঙ্গে
কাজ করতে পেরেই আমি খুশি।










