দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপট ঘিরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাপিত জীবন’। সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। সিনেমার চিত্রনাট্য করেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। রাজবাড়িতে শুরু হয়েছে এর শুটিং।
এ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দেশবরেণ্য অভিনেতা, বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আফজাল হোসেন। এবারই প্রথম রোকেয়া প্রাচী তার সঙ্গে অভিনয় করছেন। এতে আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। আফজাল হোসেন অভিনয় করছেন সোবহান চরিত্রে অন্যদিকে রোকেয়া প্রাচী আফসানা চরিত্রে। প্রথমবারের মতো হাবিবুল ইসলাম হাবিবের পরিচালনায় সিনেমায় অভিনয় প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, ‘সিনেমার নির্মাণ কাজটা বেশ চমৎকারভাবে এগোচ্ছে। দীর্ঘদিন পর কোনো ইউনিটে বেশ আনন্দময় ও ভালো সময় কাটছে। গল্পটা যেমন পারিবারিক, সিনেমা নির্মাণের পরিবেশটাও পারিবারিক। কাজ করেও ভীষণ ভালো লাগছে।’ এ নিয়ে রোকেয়া প্রাচী বলেন, ‘দেশভাগ ও ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সিনেমার গল্প। আমার কাছে এ সিনেমায় কাজ করার বিষয়টি এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে। কারণ এখানে আমাদের সবার প্রিয়, শ্রদ্ধেয় আফজাল ভাইয়ের সঙ্গে কাজ করছি। তার সঙ্গে কাজ করা সত্যিই অনেক বড় একটি ব্যাপার আর নিজের জন্য অভিজ্ঞতারও বিষয়। তিনি এত বড় মাপের একজন অভিনেতা, অথচ শুটিংয়ের সময় কী দারুণ সহযোগিতা করেন। আমি মুগ্ধ হচ্ছি বারবার। আফজাল ভাইয়ের প্রতি পরম শ্রদ্ধা রইল। আর হাবিব ভাইও কাজটি ভীষণ মনোযোগ দিয়ে করছেন। গল্প অনুযায়ী লোকেশন নির্বাচন, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার মাঝে দারুণ সমন্বয় হয়েছে। আমি, ডলি আপা, রওনক, বর্ষণ, ভাবনা, মিলি ও আফজাল ভাই, সবাই মিলে আমরা একটি চমৎকার সিনেমার কাজ করছি। আরেকটি কথা না বললেই নয়, সাধারণত সিনেমায় আমরা যে ধরনের বাবা-মা দেখে অভ্যস্ত, তার থেকে ব্যতিক্রম দেখা যাবে এ গল্পে আমাকে ও আফজাল ভাইকে।’ আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী ৪ ও ৫ ডিসেম্বর পর্যন্ত যাপিত জীবনের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। এরই মধ্যে আফজাল হোসেন শেষ করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। রোকেয়া প্রাচী সর্বশেষ পান্থ প্রসাদের নির্দেশনায় ‘সাবিত্রী’ সিনেমায় অভিনয় করেছেন।
এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা। তার চরিত্রের নাম আনজুম। ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া যাপিত জীবন সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, গাজী রাকায়েত, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, কাজী হায়াত, সমাপ্তি, ডলি জহুরসহ অনেকে।










