দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন ফ্ল্যাশ ফিকশন ‘গ্যাড়াকল’। এটি ১৬ অক্টোবর দর্শকদের সামনে আসছে। ‘কর্মের ফলে গ্যাড়াকলে’–এ শিরোনামে প্রকাশিত পোস্টারেই আগেই দর্শকদের কৌতূহল উসকে দিয়েছে। পোস্টারে দেখা যায় তিন মুখ্য চরিত্রকে—কেন্দ্রে অভিনেত্রী সামিরা খান মাহী, তার পাশে ইন্তেখাব দিনার এবং তাকিয়ে থাকা আবু হুরায়রা তানভীর। রহস্যময় ও আবেদনময় ভঙ্গি পোস্টারটিকে আকর্ষণীয় করে তুলেছে।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত ‘গ্যাড়াকল’–এর ট্রেলারে উঠে এসেছে ক্যাম্পাস, ন্যায়বিচার, ভালোবাসা, ভুল মানুষকে ভালোবাসার মতো জটিল বিষয়। ট্রেলারের সূচনা সংলাপ, ‘সত্য ততোটুকু সত্য নয়, যতটা চোখে দেখা যায়’, দর্শকদের মনে এক রহস্যময় উত্তেজনা সৃষ্টি করেছে। বিভিন্ন দৃশ্য ও সংলাপে ফুটে উঠেছে মানব সম্পর্ক, আবেগ, বিশ্বাস ও প্রতারণার নানা দিক।

নবীন নির্মাতা রাকায়েত রাব্বি বলেন, ‘‘গ্যাড়াকল’’–এর গল্প তার চারপাশের বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি। পরিচিত কাহিনীকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। জীবনের নানা ঘটনা, যা বলা যায় না বা প্রকাশ করা যায় না, তার প্রভাবই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, ‘‘শিক্ষাজীবন ও পরবর্তী জীবনের অভিজ্ঞতাকে কেন্দ্র করে গল্পটি তৈরি হয়েছে। আশা করি দর্শকরা এটি পছন্দ করবেন।’’

গল্পটি এগিয়েছে রিমি, অনিক ও মোশতাককে কেন্দ্র করে। ছুটি কাটাতে ঘুরতে গিয়ে রিমি ও অনিকের পরিচয় হয় চিত্রশিল্পী মোশতাকের সঙ্গে। একে–ওপরের কাছাকাছি আসতে থাকা এই তিনজনের মধ্যে তৈরি হয় টানাপোড়েন। কিন্তু সম্পর্কগুলো কতটা সত্যি? চোখে যা দেখা যায়, তা কি পুরো সত্য? এই রহস্য উন্মোচনের জন্য দর্শকদের দেখতে হবে ‘গ্যাড়াকল’।

চরিত্রগুলোতে রিমি চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহী, অনিক চরিত্রে আছেন আবু হুরায়রা তানভীর, মোশতাক চরিত্রে ইন্তেখাব দিনার, মোশতাকের স্ত্রীর চরিত্রে সুষমা সরকার, এছাড়া হুমায়রা স্নিগ্ধা, শিহাব ও সাদি শুভও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নাজিম উদ দৌলা।

সামিরা খান মাহী বলেন, ‘রিমি চরিত্রটি রহস্যময়। চরিত্রের প্রয়োজনে আমাকে বিভিন্ন রূপে হাজির হতে হয়েছে। দর্শক প্রথমে হয়তো চরিত্রটিকে ভুল বুঝবেন, পরে কারণটা জানতে পারবেন।’

চরকি–এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানান, ফ্ল্যাশ ফিকশন জীবনের ছোট মুহূর্তের নান্দনিক বা সিনেম্যাটিক বর্ণনা। স্লাইস অফ লাইফ হিসেবে পরিচিত এই ধরনের কনটেন্ট দর্শকের মনে গভীর প্রভাব ফেলে এবং দীর্ঘস্থায়ী হয়।

‘গ্যাড়াকল’–এর ট্রেলার ও পোস্টার ইতোমধ্যেই দর্শকদের কৌতূহল উসকে দিয়েছে। ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ১৬ অক্টোবর থেকে চরকি–তে মুক্তি পাবে এই রহস্যময় মিস্ট্রি থ্রিলার ফ্ল্যাশ ফিকশন।