কমিক বুকের ‘ম্যান অব স্টিল’ রূপে আবারো পর্দায় ফিরছেন হেনরি ক্যাভিল। ডিসি ভক্তদের এই স্বস্তির সঙ্গে যোগ হয়েছে আরেকটি দুঃসংবাদ। সুপারম্যানের পোশাকে পরতে গিয়ে এ অভিনেতা ছাড়লেন নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য উইচার’।
আইজিএন এক প্রতিবেদনে জানায়, আন্দ্রে সাপকোওস্কির ‘দ্য কন্টিনেন্ট’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজের চতুর্থ সিজনে কাভিলের স্থলাষিভিক্ত হচ্ছেন লিয়াম হেমসওয়র্থ। খবরটি দুই তারকাই নিশ্চিত করেছেন।
মধ্যযুগের প্রেক্ষাপটে কাল্পনিক একটি অঞ্চল ঘিরে নির্মিত এই সিরিজের তিন সিজনে দানব শিকারি জেরাল্ট অব রিভিয়া চরিত্রে অভিনয় করেছেন হেনরি ক্যাভিল। এ চরিত্রে সামনে দেখা যাবে লিয়ামকে।
হেনরি ক্যাভিল বলেন, জেরাল্ট অব রিভিয়া চরিত্রে আমার ভ্রমণ শেষ হয়েছে। চতুর্থ সিজনের আমি তলোয়ার ধরছি না। এর বদলে হোয়াইট উলফের পোশাক তুলে নিচ্ছে অসাধারণ লিয়াম হেমসওয়র্থ। এ চরিত্রের গভীরতা লিয়াম তুলে ধরতে পারবে বলেও মনে করেন তিনি।
নিজেকে ‘দ্য উইচার’ ভক্ত উল্লেখ করে লিয়াম বলেন, হেনরি ক্যাভিল জেরাল্ট অব রিভিয়া চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তার হাতে চরিত্রের লাগাম তুলে দেয়ায় ধন্যবাদ।
লিয়াম হেমসওয়র্থ আরেক জনপ্রিয় অভিনেতা ‘থর’-খ্যাত ক্রিস হেমসওয়র্থের ছোটভাই। ‘দ্য হ্যাঙ্গার গেমস’ ও ‘ইন্ডিপেন্ডেন্স ডে’র মতো সিনেমার জন্য তিনি পরিচিত।
২০১৯ সালে নেটফ্লিক্সে ‘দ্য উইচার’-এর প্রথম সিজন মুক্তি পায়। গত বছর এসেছিল দ্বিতীয়টি। পরের সিজন ২০২৩ সালে প্রিমিয়ার হওয়ার কথা। এ হিসেবে এখনো আরেক দফা হেনরি ক্যাভিলের দুর্ধর্ষ অভিযান বাকি রয়েছে।
এ দিকে হেনরি ক্যাভিলের সিরিজ ছাড়ার ঘোষণায় অনেক ভক্ত বিরক্ত। কেউ কেউ সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, দ্য উইচারের বদলে সুপারম্যান চাই না।










