হলিউডের কিংবদন্তি তারকা, অস্কারজয়ী অভিনেতা ও পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রোভো শহরে নিজ বাড়িতে ৮৯ বছর বয়সে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দ্য নিউইয়র্ক টাইমস।
১৯৬৩ সালে বেয়ারফট ইন দ্য পার্ক নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রেডফোর্ড। ১৯৬৭ সালে সেই নাটক চলচ্চিত্রে রূপ নিলে তিনি আরও পরিচিতি পান। সত্তরের দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ সালের দ্য স্টিং তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতার মনোনয়ন। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও তিনি সাফল্য পান। ১৯৮০ সালে অর্ডিনারি পিপল পরিচালনার জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। সিনেমাটি সে বছর সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। পরে ১৯৯৪ সালে কুইজ শো পরিচালনা করে আবারও অস্কার মনোনয়ন অর্জন করেন।
১৯৮৫ সালে মেরিল স্ট্রিপের সঙ্গে তার অভিনীত আউট অব আফ্রিকা ছিল আরেকটি মাইলফলক, যা সাতটি বিভাগে অস্কার জয় করে। দীর্ঘ ক্যারিয়ারের শেষে এসে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান–এর মাধ্যমে অভিনয় থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
রেডফোর্ড শুধু অভিনেতা-পরিচালক নন, ছিলেন স্বাধীন চলচ্চিত্রের অন্যতম বড় পৃষ্ঠপোষক। তার হাত ধরেই গড়ে ওঠে যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব—সানড্যান্স চলচ্চিত্র উৎসব। নিজের অভিনয় থেকে উপার্জিত অর্থ দিয়েই তিনি এই আয়োজন শুরু করেছিলেন। ২০১৮ সালে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘মূলধারার সিনেমাই তখন সবকিছু নিয়ন্ত্রণ করত। কিন্তু বাইরে আরও অনেক গল্প ছিল, যেগুলো বলার সুযোগ পেত না। আমি ভেবেছিলাম, তাদের একটা সুযোগ দিতে পারলে ভালো হবে। এখন ফিরে তাকালে আমি সেটাকে নিজের বড় অর্জন মনে করি।’
তার ঝুলিতে ছিল অসংখ্য স্বীকৃতি—২০০২ সালে সম্মানসূচক অস্কার, তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার।
রবার্ট রেডফোর্ড ছিলেন হলিউডের সোনালি যুগের প্রতীক, আবার স্বাধীন সিনেমার সাহসী কণ্ঠস্বরও। অভিনয়, পরিচালনা ও সানড্যান্স উৎসবের মাধ্যমে তিনি যেভাবে চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন, তা বিশ্ব সিনেমায় চিরকাল অমলিন হয়ে থাকবে।









