জেমস গান আবারো নির্মাণ করবেন সুপারম্যান। অবশ্যই নতুন গল্প নিয়ে। সিকুয়ালটিতে অভিনয় করবেন জার্মান অভিনেতা লার্স আইডিঙ্গার। ‘ম্যান অব টুমরো’য় সুপারম্যানের অতিমেধাবী প্রতিপক্ষ ব্রেনিয়াক চরিত্রে দেখা যাবে আইডিঙ্গারকে। শনিবার সকালে ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে গান এই কাস্টিং নিশ্চিত করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘ম্যান অব টুমরোতে ব্রেনিয়াকের জন্য আমাদের বিশ্বব্যাপী অনুসন্ধানে লার্স আইডিঙ্গার সবার ওপরে উঠে এসেছেন। ডি-সিইউতে স্বাগত, লার্স।’
সুপারম্যানের গল্প অনুসারে ব্রেনিয়াক হলো এক অতিবুদ্ধিমান ভিনগ্রহী অ্যান্ড্রয়েড, যার লক্ষ্য মহাবিশ্ব সম্পর্কে সর্বময় জ্ঞান অর্জন। সে পুরো গ্রহকে ছোট করে কাচের জারে সংগ্রহ করার জন্য কুখ্যাত, কিংবা পছন্দ না হলে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে দেয়। লেখক অটো বাইন্ডার ও শিল্পী আল প্লাস্টিনো ১৯৫৮ সালে চরিত্রটি সৃষ্টি করেন। ‘ম্যান অব টুমরো’য় এ চরিত্রে অভিনয়ের মাধ্যমে ডিসির বিগ বাজেট সিনেমায় প্রথমবার যুক্ত হচ্ছেন লার্স।
এদিকে ‘সুপারম্যান’–এ অভিনয় করা ডেভিড কোরেন্সওয়েট ও নিকোলাস হল্ট দু’জনই ‘ম্যান অব টুমরো’য় ফিরে আসবেন। ২০২৭ সালের ৯ জুলাই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা। গান গত সেপ্টেম্বরে মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন।
আইডিঙ্গার সম্প্রতি নোয়া বামবাকের ‘জে কেলি’তে অভিনয় করেছেন। তার সাম্প্রতিক অন্যান্য সিনেমার মধ্যে আছে ‘ডেড ল্যাঙ্গুয়েজ’, ‘দ্য লাইট’ ও ‘ডাইং’, যা ২০২৪ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল।
‘সুপারম্যান’ ছিল ডিসি স্টুডিওসের সহ-প্রধান পিটার সাফরানের সঙ্গে জেমস গানের পরিচালনায় প্রথম সিনেমা। এটি ১১ জুলাই মুক্তি পায় এবং বিশ্বব্যাপী ৬১ কোটি ডলারের বেশি আয় করে। ফলে এটি ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী সুপারহিরো সিনেমায় পরিণত হয়।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার










