টেলিভিশন নাটক দিয়ে কাজ শুরু করেছিলেন শিরীন শিলা। ভালো অভিনয়ের জন্য পেয়েছেন দর্শকের ভালোবাসা। বর্তমানে নিয়মিত কাজ করছেন সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে শিলা অভিনীত চারটি সিনেমা।

শিরীন শিলা বলেন, ‘‘মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমার মধ্যে ‘বীরাঙ্গনা ৭১’-সিনেমাটিতে  একেবারেই একটি ভিন্ন চরিত্র আমার। এতে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছি। এর আগে আমি কখনো বীরাঙ্গনা চরিত্রে কাজ করার সুযোগ পাইনি। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করতে হয়েছে। অনেক শ্রম দিতে হয়েছে। এতে যারা সহশিল্পী হিসেবে আমার সঙ্গে কাজ করেছেন, তারাও আমাকে অভিনয়ের ব্যাপারে দারুণ সহযোগিতা করেছেন। যেমন বিশেষত শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ও শাহেদ শরীফ ভাইয়ের কথা বলতেই হয়। আবার ‘২৪.৩-এর রাত’ সিনেমায়ও আমি নিজেকে একজন লেখিকা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। চরিত্রটিও আমার পছন্দ। এখানেও দর্শক আমাকে নতুনরূপে দেখতে পাবেন। ‘ঘর ভাঙ্গা সংসার’, ‘নদীর জলে শাপলা ভাসে’—এ দুটো সিনেমায়ও আমাকে অনবদ্য দুটি চরিত্রে অভিনয়ে দেখা যাবে। সব মিলিয়ে আমার মুক্তি প্রতীক্ষিত সিনেমা চারটি নিয়ে খুবই আশাবাদী। আশা করছি সিনেমাগুলো মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।’

মুক্তির অপেক্ষায় সিনেমাগুলোর মধ্যে রয়েছে মনতাজুর রহমান আকবরের ঘর ভাঙ্গা সংসার, মেহেদী হাসানের নদীর জলে শাপলা ভাসে, চন্দন চৌধুরীর ২৪.৩-এর রাত ও সাখাওয়াত হোসেনের বীরাঙ্গনা ৭১। এরই মধ্যে সিনেমাগুলোর কাজ শিরীন শিলা শেষ করে দিয়েছেন। চন্দন চৌধুরীর ২৪.৩-এর রাত ও মেহেদী হাসানের নদীর জলে শাপলা ভাসে সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে।

শিরীন শিলা অভিনীত প্রথম সিনেমা ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ ২০১৪ সালের রোজার ঈদে মুক্তি পায়।