জান্নাতুল ফেরদৌস ঐশী। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় এলেও এখন চিত্রনায়িকা হিসেবেই বেশি পরিচিত। গত বছরের ডিসেম্বরে ‘মিশন এক্সট্রিম’
ও ‘রাত জাগা ফুল’
নামে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পয়েছে। দুটি সিনেমাতেই ঐশী প্রশংসিত হয়েছেন।
বর্তমানে চিত্রনায়িকার আরো দুটি নতুন সিনেমা মুক্তির অপেক্ষায়। ‘নূর’ ও ‘আদম’ নামের দুটি সিনেমা মুক্তি পাবে শিগগিরই। চলতি বছরেই সুবিধাজনক সময়ে সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘আমি এখনো অভিনয়ে নবীন। প্রতিনিয়তই শিখছি। আমার অভিনীত প্রথম দুটি সিনেমা কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছে। দর্শকের কাছ থেকেও এগুলোর জন্য দারুণ সাড়া পেয়েছি, যার কারণে অভিনয়ে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আশা করছি মুক্তি প্রতীক্ষিত সিনেমা দুটিও দর্শকের ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
নূর সিনেমায় ঐশীর নায়ক মিশন এক্সট্রিমের আরিফিন শুভ। নাম ভূমিকায় অভিনয় ছাড়াও নূরের নির্বাহী প্রযোজকের দায়িত্ব সামলাচ্ছেন শুভ। নূর প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। নূরের শুটিং হয়েছে পাবনায়। এ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে বণিক বার্তাকে ঐশী বলেন, ‘গত বছর কোরবানির ঈদের আগে এ সিনেমায় যুক্ত হই। এরপর আমাদের স্ক্রিপ্ট পড়া ও অডিশন শুরু হয়। যেদিন আমার প্রথম স্ক্রিপ্ট রিডিং ছিল, সেদিন স্ক্রিপ্ট পড়েই আমার মনে হয়েছে এ প্রজেক্টে কাজ করতে না পারলে আর কী হলো। যখন আমি স্ক্রিপ্ট পড়ছিলাম, আমার মনে হচ্ছিল আমি যেন সবকিছু দেখতে পাচ্ছি। বই পড়েও কিন্তু আমাদের এ অনুভূতিটা হয়। আমার খুবই ভালো লেগেছে গল্পটা। আমার যেহেতু ভালো লেগেছে, আশা করি দর্শকেরও ভালো লাগবে।’
নূর সিনেমাটি পরিচালনা করছেন পোড়ামন ২ খ্যাত পরিচালক রায়হান রাফি। এর আগে স্বপ্নবাজ নামের একটি সিনেমায় ঐশী কাজ করেছিলেন রাফির পরিচালনায়। তবে পরে সিনেমাটিতে আর কাজ করেননি ঐশী। সিনেমাটির কাজও শেষ হয়নি এখনো। নূরে ঐশীর অন্তর্ভুক্তি ও পাবনায় শুটিং প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘সিনেমায় আমরা পাবনা শহরের সৌন্দর্যও তুলে আনার চেষ্টা করব। ঐশীর চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং। এ চরিত্রে জুতসই অভিনেত্রী খুঁজতে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। অনেকগুলো অডিশনের পর আমরা ঐশীকে পেয়েছি।’
পরিচালক জানান, নূর হবে সম্পূর্ণ রোমান্টিক সিনেমা। অনেকদিন পর রোমান্টিক সিনেমা নির্মাণ করছেন তিনি। প্রেমের যে পবিত্রতা, সিনেমাটির পোস্টার থেকে শুরু করে সবখানেই তার ছোঁয়া পাওয়া যাবে বলে জানান পরাণ সিনেমার এ পরিচালক। নূর নিয়ে আরিফিন শুভ বণিক বার্তাকে বলেন, ‘সিনেমাটি প্রেমের গল্প। আমি যে নূর চরিত্রে অভিনয় করছি এমন চরিত্রে দর্শক আমাকে আগে কখনো দেখেনি।’
ঐশীর দুটি ছবি মুক্তি পেলেও কাজের দিক দিয়ে তার দ্বিতীয় সিনেমা আদম, যা এখনো মুক্তি পায়নি। রয়েছে মুক্তির মিছিলে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের আশির দশকের গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হচ্ছে সিনেমা আদম। এ সিনেমায় ঐশীর জুটি হিসেবে হাজির হবেন স্বপ্নজালখ্যাত নির্মাতা ইয়াশ রোহান।
২০১৯ সালে এফডিসিতে আদমের মহরত অনুষ্ঠিত হয়। মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএফডিসির তত্কালীন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম। এছাড়া বেশ কয়েকজন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিচালকসহ সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
মহরতে ঐশী বলেন, ‘আদম আমার দ্বিতীয় সিনেমা। এর গল্প অসাধারণ। আমার প্রথম সিনেমা মিশন এক্সট্রিমের চেয়ে এ সিনেমায় আমার চরিত্র একেবারে ভিন্ন। তাই সিনেমাটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। আমি আমার সবটুকু দিয়ে সুন্দরভাবে সিনেমাটি শেষ করার চেষ্টা করব। সবার কাছে দোয়া চাইছি।’
ইয়াশ রোহান বলেন, ‘এখন পর্যন্ত যত কাজ করেছি সেগুলোর চেয়ে আদমে আমার চরিত্র অন্য রকম। সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। চরিত্রের সঙ্গে মিশে গিয়ে কাজটা করতে চাই। সবার কাছে দোয়া চাইছি।’
আদমে ঐশীর চরিত্রের নাম সাজিয়া। সিনেমার শুটিং শেষ করে বণিক বার্তাকে অভিজ্ঞতার গল্প শোনান ঐশী। তিনি বলেন, ‘গোবর দিয়ে লাঠি (ঘুটে) বানানোর সময় মনে হচ্ছিল যেন সত্যিই আমি সাজিয়া। আমাকে প্রতিদিন রান্নার জন্য গোবরের লাঠি বানিয়ে রোদে শুকোতে হয়। সাজিয়া ভিন্ন ধরনের একটি চরিত্র, যার মাধ্যমে নিজের অভিজ্ঞতার ঝুলিতে অনেক নতুন কিছু যোগ হচ্ছে। আশা করছি, দর্শকের ছবিটি মন ছুঁয়ে যাবে।’
নিজের গল্পে আদম পরিচালনা করেছেন আবু তাওহীদ হিরন। এর চিত্রনাট্য ও সংলাপ মাসুদ পারভেজের। আদম সিনেমায় ঐশী-রোহান ছাড়াও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফফান মিতুল, নাসরিন ও রোদেলা হূদ্যসহ অনেকে।
বর্তমানে অবসর কাটাচ্ছেন ঐশী। ঈদের পর থেকে এখনো শুটিং ক্যামেরার সামনে দাঁড়াননি। এ সময়টায় পড়ালেখায় মনোযোগ দিয়েছেন। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ছেন এ সুন্দরী।










