বিহারের মুজফফরপুুরের সিজিএম আদালতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে সুশান্তকে ‘আর্থিক ও মানসিকভাবে শোষণ’
করার অভিযোগ এনে মামলা করেছেন প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের এক ভক্ত।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এক সপ্তাহের মাথায়ও এ কঠিন সত্যটা ভক্তদের অনেকেই মেনে নিতে পারছেন না। সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে আগেই মামলা হয়েছে সালমান খান, করণ জোহরসহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে। এবার বিহারের এক আদালতে একই অভিযোগ এনে পিটিশন দায়ের হলো সুশান্তর বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের আদালতে পিটিশন দায়ের করেছেন কুন্দন কুমার নামে এক ব্যক্তি। বিহারের মুজফফরপুরের পাঠানির বাসিন্দা তিনি। ২৪ জুন এ অভিযোগের শুনানি হবে।
এ নিয়ে মুজফফরপুরের সিজিএম আদালতে সুশান্তর আত্মহত্যার মামলায় দুটি পিটিশন জমা পড়ল। উল্লেখ্য, বিহারের পাটনার ছেলে সুশান্ত সিং রাজপুত।
কুন্দন কুমার তার পিটিশনে দাবি করেছেন, রিয়া চক্রবর্তী ‘আর্থিক ও মানসিকভাবে শোষণ’
করেছেন সুশান্ত সিং রাজপুতকে। তার আইনজীবী কমলেশ সাংবাদিকদের জানান, আমি মক্কেল সুশান্ত সিং রাজপুতের একনিষ্ঠ অনুরাগী এবং তার আত্মহত্যার ঘটনায় আমি মর্মাহত। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা দেয়া) এবং ৪২০ (জালিয়াতি)-এর অভিযোগ আনা হয়েছে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।
সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার তদন্তের অংশ হিসেবে এরই মধ্যে ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। রিয়া চক্রবর্তীকে বৃহস্পতিবার ১০ ঘণ্টার দীর্ঘ পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে। জানা গিয়েছে, পুলিশি জেরায় সুশান্তর সঙ্গে নভেম্বরে বিয়ের পরিকল্পনার কথা মেনে নিয়েছেন রিয়া, পাশাপাশি সুশান্তর সঙ্গে এক ফ্ল্যাট-মেটকে নিয়ে ঝগড়ার কারণেই আত্মহত্যার কয়েক দিন আগে সুশান্তর বান্দ্রার অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে যান রিয়া—পুলিশকে এমনটাই জানিয়েছেন তিনি।
অন্যদিকে সুশান্তর পরিবারের সঙ্গে সাক্ষাত্কারে সমবেদনা জানিয়েছেন বিহারে উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি।
সূত্র: পিংকভিলা










