কারণ গল্পের মূল চরিত্র নিখোঁজ। বেঁচে আছে না মারা গেছে, সে তথ্যটুকুও জানে না তার মা ও সদ্য বিবাহিতা স্ত্রী।

এমন এক প্রেমময় নির্মম অপেক্ষার গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক ‘প্রেমাতাল’, যার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহা। তাদের নিয়ে সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। সদ্য শুটিং শেষ হওয়া এ নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন সুমন হোসাইন।

নাটকটির গল্প প্রসঙ্গে আগাম কোনো ক্লু দিতে চাইছেন না নাট্যকার ও নির্মাতা রাখি। শুধু এটুকু জানালেন, গল্পটা ছেলের জন্য একজন মায়ের যেমন অপেক্ষার, তেমনি একজন স্বামীর জন্য স্ত্রীর অপেক্ষার। যে অপেক্ষার ভেতরে ও বাইরে রয়েছে অনেক প্রেম, অভিমান, নাটকীয়তা আর নৃশংসতা।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এমন গল্পের চিত্রনাট্য খুব কমই পাওয়া যায় আজকাল। তাই প্রেমাতাল হতে যাচ্ছে আসছে ঈদে প্রতিষ্ঠানটির ব্যানারের অন্যতম দরকারি নির্মাণ, যা মুক্তি পাচ্ছে ঈদ উৎসবে সিএমভির ইউটিউব চ্যানেলে।