একের পর এক নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে এরই মধ্যে প্রমাণ করেছেন, বিশেষ করে ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার জুটি দর্শকের কাছে আলাদা প্রত্যাশা তৈরি করেছে। আসছে ঈদে আবারো একসঙ্গে দেখা যাবে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনীকে। সময়ের অন্যতম এ জুটি নতুন এক বিশেষ নাটক নিয়ে হাজির হচ্ছে দর্শকের সামনে। তাদের একসঙ্গে অভিনয় মানেই গল্পে বাড়তি আবেগ, রোমান্টিক টানাপড়েন এবং নতুন রসায়নের ইঙ্গিত।
সিএমভির ব্যানারে নির্মিত এ নাটকের নাম ‘মন ফড়িং’। ইমরাউল রাফাতের গল্প, চিত্রনাট্য ও নির্মাণে নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন নাঈম ফুয়াদ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদকে ঘিরে নাটকটি নির্মাণে বাড়তি যত্ন নেয়া হয়েছে, যাতে গল্প, চিত্রনাট্য ও উপস্থাপনায় থাকে ভিন্নতা এবং দর্শক পান পরিপূর্ণ বিনোদন।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত খুব একটা আগাম বলতে চাননি। তবে জানা গেছে, বরিশালের এক মফস্বল শহরের প্রেক্ষাপটে গড়ে উঠেছে কাহিনী। সেখানে এনজিও কর্মী সুমনকে ঘিরেই গল্পের বিস্তার। একই এলাকার বড়লোক পিতার দুলালী, অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেখা এ গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র। পাশাপাশি রয়েছে আরো একটি দরকারি চরিত্র, নাম মিরাজ। মূলত মিরাজ ও রেখার মধ্যকার প্রেমের সম্পর্ক দর্শককে গল্পের ভেতরে টেনে নেবে এবং তৈরি করবে আবেগঘন মুহূর্ত।
যদিও নির্মাতার ভাষ্যে, গল্পটি মূলত সুমনকে ঘিরেই আবর্তিত। ত্রিভুজ প্রেম, আবেগ, টানাপড়েন, আকাঙ্ক্ষা ও বিরহের মিশেলে গড়ে উঠেছে কাহিনী। নির্মাতার বিশ্বাস, চেনা প্রেমের গল্প হলেও উপস্থাপনায় থাকবে নতুনত্ব, যা দর্শকের কাছে আলাদা অনুভূতি এনে দেবে এবং ঈদের আয়োজনে নাটকটিকে বিশেষ মাত্রা দেবে।
নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম প্রমুখ। অভিজ্ঞ এ অভিনয়শিল্পীদের উপস্থিতি নাটকের অভিনয় ভিত্তিকে আরো শক্ত করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসব উপলক্ষে প্রায় ২০টি বিশেষ নাটকের আয়োজন সাজাচ্ছেন তারা। যার মধ্যে অন্যতম মন ফড়িং। ঈদ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।










