অভিনেত্রী সুষমা সরকার। মঞ্চ, টেলিভিশন ও সিনেমা তিন মাধ্যমেই কাজ করে দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন তিনি। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তার পথচলা শুরু। এ পথচলায়ই ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শক্ত অবস্থানে। টানা ২৫ বছর ধরে তিনি যুক্ত আছেন নাটকের দল দেশ নাটকের সঙ্গে। মঞ্চে নিয়মিত কাজের অভিজ্ঞতা তার অভিনয়ে আলাদা দৃঢ়তা ও পরিপক্বতা এনে দিয়েছে।

তবে বর্তমানে তিনি ধারাবাহিক নাটক নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন। ছোট পর্দায় একসঙ্গে তিনটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে সুষমার। এর মধ্যে ‘দেনা পাওনা’ নামের নাটকটিতে ‘মৌ ভাবি’ চরিত্রটি দিয়ে বেশ আলোচনায় আছেন তিনি। পারিবারিক আবহ, সম্পর্কের টানাপড়েন আর বাস্তব জীবনের নানা ঘটনাকে ঘিরে নির্মিত এ নাটক দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পারিবারিক গল্পের নাটক ও নিজের চরিত্র প্রসঙ্গে সুষমা বলেন, ‘নাটকটির শতাধিক পর্ব প্রচার হয়ে গেছে। যেখানেই যাই, এ নাটকের প্রশংসা শুনি। দর্শক আমাকে এখন মৌ ভাবি বলেই ডাকে। চরিত্রটি নিয়ে অনেকেই নানা মন্তব্য করেন। চরিত্রের নাম ধরে যখন সবাই ডাকেন, ভীষণ ভালো লাগে।’

বর্তমানে দীপ্ত টিভিতে সুষমা অভিনীত ‘পরম্পরা’ ও মাছরাঙা টেলিভিশনে ‘তেল ছাড়া পরোটা’ নামের আরো দুটি ধারাবাহিক প্রচার হচ্ছে। পরম্পরা পারিবারিক গল্পনির্ভর হলেও ‘তেল ছাড়া পরোটা’ একটু ভিন্ন ধাঁচের, যেখানে রয়েছে হালকা রসিকতা ও সামাজিক বার্তা। ভিন্ন স্বাদের এ দুই নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি করেছে।

এদিকে সুষমা অভিনীত নতুন আরো একটি ধারাবাহিকের প্রচার শুরু হবে শিগগিরই। সকাল আহমেদের পরিচালনায় ও বৃন্দাবন দাশের রচনায় নাটকটির নাম ‘বিশ্বাস বনাম সরদার’। পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এ ধারাবাহিক নিয়েও আশাবাদী অভিনেত্রী।

এ অভিনেত্রীর মতে নব্বই দশকের নাটকগুলোয় দারুণ সব পারিবারিক গল্প পাওয়া যেত। এটা মাঝখানে কিছুটা হারিয়ে গিয়েছিল। তবে এখন আবার পারিবারিক গল্পের নাটক বেশি হচ্ছে। গল্পের পরিবর্তনের এ দিক খুব ভালো লেগেছে সুষমার কাছে।