‘দেশ’ নামে নতুন সিনমার খবর দিলেন চিত্রনায়ক নিরব হোসেন । কাকতালীয়ভাবে শুধু সিনেমার নামই নয়, এতে নিরবের চরিত্রের নামও ‘দেশ’। পরিচালনায় রয়েছেন কামরুল হাসান ফুয়াদ।

এটি হবে একটি অ্যাকশনধর্মী সিনেমা। নিরবকে দেখা যাবে এক সাহসী ও সৎ পুলিশ অফিসারের ভূমিকায়। নির্মাতা জানান, সিনেমাটির প্রস্তুতি বেশ কিছুদিন ধরেই চলছে। প্রাথমিকভাবে চলতি মাসেই শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও নিরবের ব্যস্ততা থাকায় তা পিছিয়ে গেছে। নতুন করে শুটিংয়ের দিন ঠিক হয়েছে আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস।

পরিচালক কামরুল হাসান ফুয়াদ বলেন, ‘একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের সাহস, সংকল্প আর দায়িত্ববোধকে ঘিরেই তৈরি হয়েছে “দেশ”-এর গল্প। শুধু আইন-শৃঙ্খলা নয়, রাষ্ট্র ও জনগণের নানা প্রেক্ষাপট উঠে আসবে ছবিতে। তাই নাম রেখেছি “দেশ”।’

নিরবও সিনেমাটি নিয়ে রোমাঞ্চিত। তার ভাষায়, ‘এই গল্পটা শুধু একটা চরিত্রের নয়, পুরো দেশের। আর আমার চরিত্রের নাম যখন “দেশ”, তখন ভেতরে অন্যরকম একটা দায়িত্ববোধ জন্ম নেয়। গণঅভ্যুত্থান দিবসে এর ঘোষণা দেওয়াটা আমার কাছে সময়োপযোগী ও অর্থবহ মনে হয়েছে।’

‘দেশ’ সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। ১৬ ডিসেম্বর শুধু শুটিং শুরু নয়, একইসঙ্গে ফার্স্ট লুক প্রকাশের পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে নিরব অভিনীত ‘শিরোনাম’ সিনেমাটি। পাশাপাশি, আসছে সেপ্টেম্বরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে তার নতুন ছবি ‘গোলাপ’-এর শুটিং শুরু হচ্ছে, যার পরিচালক সামছুল হুদা।