‘দ্য সেকেন্ড স্টুডিও’ আয়োজিত ব্যতিক্রমী এ প্রদর্শনীর নাম ‘দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং বেস্ট শো এভারেস্ট’। আজ লা গ্যালারিতে শুরু হয়ে প্রদর্শনীটি চলবে ২৭ জুন পর্যন্ত।

দ্য সেকেন্ড স্টুডিওর প্রতিষ্ঠাতা জুনাইদ ইকবাল ইশমাম, ঐশিক জাওয়াদ ও রাকিব রাজ্জাক। তারা অ্যানিমেশন, কমিকস, ভিডিও গেম ও ইলাস্ট্রেশনের বিভিন্ন মাধ্যমে কাজ করেন। কাজের কিছু অংশ তুলে আনা হচ্ছে এ প্রদর্শনীতে। থাকছে মৌলিক প্রকল্প, স্কেচ, কনসেপ্ট আর্ট, স্টোরিবোর্ড, প্রডাকশন নোট এবং বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা। এর মাধ্যমে দর্শক বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশন নির্মাণের সৃজনশীল প্রক্রিয়ার অন্তরালের এক বিরল অভিজ্ঞতা লাভ করবেন।

প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে বর্তমানে নির্মাণাধীন মৌলিক অ্যানিমেটেড মিনি সিরিজ ‘বেস্ট শো এভারেস্ট’। মাউন্ট এভারেস্ট অভিযানের বাস্তব অভিজ্ঞতাকে কল্পনা ও হাস্যরসের সঙ্গে মিলিয়ে নির্মিত এ সিরিজ বন্ধুত্ব, সাহস, অভিযাত্রা ও সাংস্কৃতিক আবিষ্কারের গল্প তুলে ধরে। দর্শক এর পাইলট পর্বের পাশাপাশি চরিত্র নকশা, কনসেপ্ট আর্ট, সেট ডিজাইন, মানচিত্র ও স্টোরিবোর্ডের মাধ্যমে সিরিজটির সৃজনপ্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

প্রদর্শনীতে আরো থাকছে ইনফিনিট রানার ভিডিও গেম ‘ঢাকা সারভাইভার’। এটি ‘কার্টুনস ফর ইকুয়ালিটি: প্রিভেন্টিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’ প্রদর্শনীর জন্য নির্মাণ হয়েছিল। এছাড়া প্রদর্শিত হবে ইএমকে সেন্টারের জন্য নির্মিত একটি প্রমোশনাল অ্যানিমেশন প্রকল্পের নেপথ্য গল্প। পাশাপাশি থাকছে ‘অ্যান আনটাইটেলড অ্যান্ড ক্যানসেলড প্রজেক্ট: কমিকস মেলা’।

প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। আজ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বেস্ট শো এভারেস্টের পাইলট পর্বের প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন হবে ৬টা ৩০ মিনিটে। তিনদিনই থাকছে ইন্টার‍্যাকটিভ সেশন। এতে অ্যানিমেটর, শিল্পী ও টেকনিশিয়ানদের সঙ্গে দর্শক সরাসারি কথা বলতে পারবেন। প্রদর্শনী প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।