কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছেন বিটিএস তারকা জাংকুক। বিগহিট মিউজিক গত শনিবার বিটিএস ফ্যানদের প্লাটফর্ম উইভার্স থেকে এ সম্পর্কে বিস্তারিত জানায়। এতে বলা হয়, ‌‘‌আমরা কাতার বিশ্বকাপে জাংকুকের পারফরম্যান্স সম্পর্কে আপনাদের জানাচ্ছি। ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে অফিশিয়াল সাউন্ডট্র্যাক ড্রিমার্সের সঙ্গে পারফর্ম করবেন জাংকুক।’

বিগহিটের এ পোস্টের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত তথ্যও দেয়া হয়। বিটিএসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, ড্রিমার্সের মিউজিক ভিডিও আগামী ২২ ডিসেম্বর ফিফার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। জাংকুক নিজেও ড্রিমার্সের একটি নতুন পোস্টার শেয়ার করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‌‘‌ড্রিমার্স ২০২২.১১.২০ কোরিয়া স্ট্যান্ডার্ড টাইম দুপুর ২টা’। পোস্টে তিনি হ্যাশট্যাগ ড্রিমার্স ২০২২ ও ফিফা ওয়ার্ল্ড কাপ ব্যবহার করেন। অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে ব্যান্ডের তরফ থেকেও এ সম্পর্কে তথ্য দেয়া হয়।

জাংকুকের এ পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত বিটিএস ভক্তরা। জাংকুক ও বিটিএসের অ্যাকাউন্টে কমেন্ট করে তারা সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন তো রীতিমতো ফিফার সঙ্গে জাংকুকের নাম মিলিয়ে ‘‌ফিফাকুক’ নামকরণ করেছেন। বিটিএস আর্মির জন্য পুরো বিষয়টি একটি উদযাপনের মতো। বিটিএসের মুকুটে এর মধ্য দিয়ে যুক্ত হচ্ছে আরেকটি পালক। 

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পীদের সম্পর্কে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকেরই পারফর্ম করার কথা থাকলেও তারা সরে দাঁড়িয়েছেন। ডুয়া লিপা থাকছেন তা নিশ্চিত করেছেন। শাকিরার পারফর্ম করার কথা কিন্তু এখন তাও অনিশ্চিত। বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি ও রবি উইলিয়ামস থাকবেন পারফরমারদের মধ্যে।


সূত্র: হিন্দুস্তান টাইমস