জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ৪২ বছরে পা রেখেছেন। জন্মদিনে সামাজিক মাধ্যমে নিজের একটি সাদাকালো ছবি শেয়ার করে জীবনের কঠিন সময়, হতাশা ও পুনর্জীবনের গল্প প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে বাঁধন লিখেছেন, ‘আজ আমার ৪২তম জন্মদিন। ৪০ পার করার পর জীবন যেন একেবারে বদলে গেল। একটি বেদনাদায়ক সম্পর্কের বিচ্ছেদ এবং দেশের জুলাই আন্দোলনের পরের অস্থিরতা—এ দুই ঘটনা আমাকে গভীর বিষণ্নতায় ফেলে দিয়েছিল। ওজন বেড়ে যাওয়া, হাঁটুর যন্ত্রণা, পিঠে টান—সকলই আমাকে শারীরিক ও মানসিকভাবে অবসন্ন করে তুলেছিল। অনেক দিন শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা।’

কিন্তু বাঁধন থেমে থাকেননি। তিনি জানান, ‘পৃথিবী শেষ হয়নি। আমি বেঁচে গেছি। সব সময়ই বেঁচে যাই। একদিন একটি ফোন কল এল—একজন পরিচালক, যার সঙ্গে কাজ করার স্বপ্ন দেখতাম। সেই ফোন কলটাই বদলে দিল সবকিছু। আমার ভেতরের আগুন আবার জেগে উঠল।’

বর্তমানে প্রতিদিন ব্যায়াম করেন বাঁধন। তিনি বলেন, ‘আমার চল্লিশের দশকটাই এখন পর্যন্ত জীবনের সবচেয়ে দারুণ অধ্যায়। আমি এখন আরো পরিণত, শান্ত, সংযত। আর সবচেয়ে বড় কথা— আমি নিজেকে গভীরভাবে ভালোবাসি।’

চলচ্চিত্র জগতে বাঁধনের প্রত্যাবর্তন ঘটে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে, যা কান চলচ্চিত্র উৎসবে দেশের হয়ে ইতিহাস রচনা করে। এরপর তিনি কাজ করেছেন সৃজিত মুখার্জী পরিচালিত ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ এবং বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্স মুভি ‘খুফিয়া’-তে, যেখানে ‘অক্টোপাস’ চরিত্রে তার অভিনয় দর্শকের মন জয় করেছে।