হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রের জন্য সুপরিচিত অভিনেতা রবি কোলট্রেন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন স্কটিশ এ অভিনেতা। ৪০ বছর ধরে তার এজেন্ট হিসেবে কাজ করা বেলিন্ডা রাইট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে তাকে হ্যাগ্রিডের জন্য সর্বাধিক পরিচিত হিসেবেও উল্লেখ করা হয়। এ কাজের জন্য ২০ বছর ধরেই প্রতি সপ্তাহে ভক্তদের চিঠি পেয়ে আসছেন তিনি। কোলট্রেনকে একজন অসাধারণ অভিনেতা ও খুবই বুদ্ধিমান হিসেবেও উল্লেখ করা হয় সেখানে।
এছাড়া আরো কিছু অভিনয় দিয়ে খ্যাতি কুড়িয়েছেন কোলট্রেন। ক্র্যাকার নাটকে তার চরিত্রের জন্য তিনি ব্রিটিশ একাডেমি টেলিভিশন অ্যাওয়ার্ডে তিন বছর সেরা অভিনেতার তালিকায় ছিলেন। ২০০৬ সালে নিউ ইয়ার অনার্স লিস্টেও তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) হন। ২০১১ সালে সিনেমায় অসামান্য অবদানের জন্য বাফটা স্কটল্যান্ড অ্যাওয়ার্ডে ভূষিত হন কোলট্রেন।
তবে এ অভিনেতার মৃত্যুর বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি তার এজেন্ট। শুধু লিখেছেন, কোলট্রেনের পরিবার ফোর্থ ভ্যালি রয়্যাল হসপিটালের প্রতি তাদের যত্নের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
কোলট্রেনের মৃত্যুর খবর আসার পর থেকেই তার প্রতি ভালোবাসা জানাচ্ছেন ভক্তরা। তাকে নিয়ে লিখেছেন হ্যারি পটারের লেখক জেকে রাউলিংও। কোলট্রেনের সঙ্গে একটি ছবি শেয়ার করে টুইটবার্তায় তিনি জানিয়েছেন, রবির মতো আর কাউকে আমি কখনো পাব না। সে এক অবিশ্বাস্য প্রতিভা ছিল, যা একবারই পাওয়া যায়।
হ্যারি পটারের আটটি সিনেমায় তার অভিনীত চরিত্রই সবচেয়ে পরিচিত কাজ। হ্যারি পটার চরিত্রে কাজ করা ড্যানিয়েল র্যাডক্লিফ বলেন, আমার দেখা সবচেয়ে মজার মানুষ রবি। সেটেও তিনি আমাদের শিশুদের মতো হাসাতে থাকতেন।
ড্যানিয়েলের বিশেষভাবে মনে পড়ে প্রিজনার অব আজকাবানের সময়ের কথা। সে সময়ে সবাইকে উৎফুল্ল রাখতে খুব চেষ্টা চালাতেন তিনি। ড্যানিয়েল বলেন, যখন আমরা সবাই প্রবল বৃষ্টি থেকে রক্ষা পেতে হ্যাগ্রিডের কুঁড়েঘরে লুকিয়েছিলাম, তখনো তিনি নানা গল্প আর মজার সব কৌতুক বলে আমাদের মনোবল বাড়িয়েছিলেন।
হ্যারি পটারের সিনেমাগুলো ছাড়াও রবি আইটিভির ডিটেকটিভ ড্রামা ‘ক্র্যাকারে’ অভিনয় করেছেন। এছাড়াও জেমস বন্ড সিরিজের ‘গোল্ডেন আই’ ও ‘দ্য ওয়ার্ল্ড ইজ নট এনাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। কোলট্রেনের অন্য সহঅভিনেতারাও তার মৃত্যুতে নানাভাবে শোক প্রকাশ করেছেন।
কোলট্রেনের পারিবারিক নাম ছিল অ্যান্থনি রবার্ট ম্যাকমিলান। ১৯৫০ সালে তিনি স্কটল্যান্ডের সাউথ লানার্কশায়ারের রুথারগ্লেনে জন্মগ্রহণ করেন।
সূত্র: স্কাইনিউজ










