ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা। ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা করেছিলেন তিনি। এ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে অপু বিশ্বাস থাকলেও দর্শকের নজর কেড়েছিলেন এ অভিনেত্রী। এর পরই তিনি সুযোগ পান শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ সিনেমায়। একের পর এক সিনেমা উপহার দিচ্ছেন শিলা। আগামী ১৮ নভেম্বর শিরীন শিলা অভিনীত ও মেহেদী হাসান পরিচালিত নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন শিরীন শিলা। তিনি বলেন, ‘এবারই প্রথম তিনি কোনো সিনেমায় একেবারেই ভিন্ন ঘরানার একটি চরিত্রে অভিনয় করেছেন। যাতে অভিনয় করাটা তার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল। দুই বছরে আমি যে কয়টি সিনেমায় অভিনয় করেছি, তার মধ্যে নদীর জলে শাপলা সিনেমায় অভিনয় করাটা আমার জন্য ছিল ভীষণ চ্যালেঞ্জিং ছিল। কারণ গ্রামীণ পটভূমিতে গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এ ধরনের চরিত্রে আমার এবারই প্রথম। এজন্য শুরুতেই ধন্যবাদ জানাই সিনেমার পরিচালক মেহেদী হাসানকে। তিনি আমাকে চরিত্রটিতে কাজ করার জন্য নির্বাচিত করেছিলেন বলেই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পেরেছিলাম। আমি নিজেকে এ চরিত্রে অভিনয়ের জন্য ভাঙার চেষ্টা করেছি। এ সিনেমায় আমার বিপরীতে আছেন অনেক গুণী অভিনেতা মিলন ভাই। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করাটাও ছিল নতুন অভিজ্ঞতা। তিনিও আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন। সব মিলিয়ে নদীর জলে শাপলা ভাসে নিয়ে আমি ভীষণ আশাবাদী। সত্যি বলতে, নিজেকে একেবারেই ভিন্ন একটি লুকে দেখার অপেক্ষায় আমি নিজেও। দর্শকের প্রতি বিশেষভাবে অনুরোধ সিনেমাটি মুক্তি পেলে তারা যেন হলে গিয়ে তা উপভোগ করেন।’

শিরীন শিলা অভিনীত আরো মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে রয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙ্গা সংসার’, সাখাওয়াত হোসেন পরিচালিত ‘বীরাঙ্গনা ৭১’ ও চন্দন চৌধুরী পরিচালিত ‘২৪.৩-এর রাত’।